ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতির দায়িত্ব পালনের আমন্ত্রণ পেতে যাচ্ছেন কুমার সাঙ্গাকারা। দ্বিতীয় দফায় এই পদে আসীন হচ্ছেন এই লঙ্কান গ্রেট ক্রিকেটার। এর আগে ২০১৯ সালের ১ অক্টোবর এমসিসির সভাপতি হিসেবে যাত্রা শুরু হয়েছিল তার। করোনা ভাইরাসের কারণে এমসিসির সকল কার্যক্রমই বন্ধ আছে। অচল এই অবস্থায় আবারও সাঙ্গাকারাকেই সভাপতি মনোনীত করার পরিকল্পনা করা হচ্ছে। ২০১৯ সালে প্রথমবারের মতো নন ব্রিটিশ হিসেবে এমসিসির সভাপতি মনোনীত হন সাঙ্গাকারা। যার মেয়াদকাল এক বছর। যদিও তৃতীয় ব্যক্তি হিসেবে এক বছরের বেশি সময় দায়িত্ব পালন করতে পারেন এই সাবেক লঙ্কান অধিনায়ক। আগামী ২৪ জুন ক্লাবটির বার্ষিক সাধারণ সভায় সাঙ্গাকারাকে দ্বিতীয় মেয়াদে সভাপতি করার প্রস্তাবটি উত্থাপিত হতে যাচ্ছে।
