রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
টানা বৃষ্টিতে রামগতির বিভিন্ন এলাকা ও চরাঞ্চলে আবাদ করা মৌসুমের প্রধান ফসল সয়াবিনসহ অন্যান্য রবিশস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। গত কয়েক দিনের বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হতে যাচ্ছে খেতের আধা পাকা সয়াবিন, বাদাম, মরিচ, ডাল জাতীয় ফসলসহ মাঠের সব রবিশস্য। এতে পুঁজি হারিয়ে বড়ো রকমের ক্ষতিতে পড়ায় আশঙ্কায় দিশাহারা হয়ে পড়েছেন উপজেলার কৃষকেরা। উপজেলার চর নেয়ামত এলাকার কৃষক আলাউদ্দিন সরদার বলেন, তিনি তিন একর জমিতে সয়াবিন, এক একর জমিতে মুগডাল, ৪০ শতক জমিতে ভুট্টার চাষ করেন। এতে তার খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। গত কয়েক দিনের বৃষ্টিতে সব ফসল পানিতে তলিয়ে যাওয়ায় তিনি প্রায় দেড় লাখ টাকার ক্ষতির মধ্যে পড়েছেন। উত্তর চর মেহার এলাকার কৃষক মো. সিরাজ বলেন, তিনি ১২ একর জমিতে সয়াবিনের চাষ করেন। বৃষ্টিতে তার পুরো সয়াবিন খেতই ডুবে যাওয়ায় সয়াবিন গাছ পচে নষ্ট হয়ে যাচ্ছে। এতে তার প্রায় ২০০ মণ সয়াবিন উত্পাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার বলেন, কয়েক দিনের অতি বৃষ্টিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তার মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র জানতে চেষ্টা করছি। বৃষ্টির পরপরই আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্নভাবে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। ক্ষতির পরিমাণ নির্ণয় করে কৃষকদের সহায়তা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
