বরিশাল অফিস
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তির এক ঘণ্টা পর বুধবার দিবাগত রাতে ৫০ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার মিয়াজানপুর গ্রামে। জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
নার্সসহ আরো তিন জনের করোনা শনাক্ত
বরিশালে নতুন করে আরো তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৯ জন রোগী। পাশাপাশি জেলায় সুস্থ রোগীর সংখ্যা হয়েছে ২৬ জন। বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
করোনা সন্দেহে ফেলে যাওয়া বৃদ্ধকে উদ্ধার
বরিশালে করোনা সন্দেহে এক বৃদ্ধকে স্কুলের বারান্দায় ফেলে রাখার খবর পেয়ে সমাজসেবা কার্যালয়ের অফিসার সাজ্জাদ পারভেজ উদ্ধার করেন। তিনি জানান, ভাটিখানা সরকারি বীনাপানি প্রাথমিক বিদ্যালয় ভবনের বারান্দায় রবীন্দ্র চন্দ্র দে (৭০) নামের এক বৃদ্ধকে রেখে পালিয়ে যায় স্বজনরা। বৃহস্পতিবার সে কিছুটা সুস্থ হলেও স্বজনদের খোঁজ না পাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তার থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
শেবাচিমে ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক পুনঃ ব্যবহারের সুবিধার্থে বৃহস্পতিবার ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন করা হয়েছে। আউটডোর ডক্টরস অ্যাসোসিয়েশনের অর্থায়নে মেশিনটি চালু করায় ব্যবহূত মাস্ক একাধিকবার ব্যবহারের সুযোগ থাকছে। ফলে অপচয় রোধ করা সম্ভব হয়েছে। হাসপাতালের দ্বিতীয় তলায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে মেশিনটি স্থাপন করা হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পরীক্ষামূলকভাবে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির একটা নির্দেশনা আছে অনলাইন শিক্ষা কার্যক্রমের সম্ভাব্যতা যাচাইয়ের ব্যাপারে। সেই আলোকে আমরা পরীক্ষামূলক কিছু কার্যক্রম শুরু করেছি।
