এডিসের লার্ভা পাওয়া গেলে জরিমানা

আপডেট : ০৭ মে ২০২০, ২১:৪৯

ইত্তেফাক রিপোর্ট

নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে চিরুনি অভিযানে নামছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামী ১০ মে থেকে ডিএনসিসির আওতাধীন বাড়ি-ভবন-প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো বাড়ি-ভবন-প্রতিষ্ঠানে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেলে সেখানে আইন অনুযায়ী অর্থদণ্ড বা কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। বৃহস্পতিবার ডিএনসিসি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া ডিএনসিসি এলাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংসে আগামী ১৬ মে থেকে ১০ দিনব্যাপী প্রতিটি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (চিরুনি অভিযান) শুরু করা হবে। চিরুনি অভিযান চলাকালে ডিএনসিসির পরিচ্ছন্নতা ও মশককর্মীরা ডিএনসিসি এলাকার বাড়ি-ভবন-প্রতিষ্ঠানে গিয়ে ডেঙ্গু উপযোগী পরিবেশ ধ্বংস করবে।