মেরামতের দাবি এলাকাবাসীর
হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহর থেকে রাজধানী ঢাকার সঙ্গে সংযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন (পঞ্চবটি) সড়ক। সড়কটির বেশির ভাগ নারায়ণগঞ্জের আওতায় হলেও সব থেকে পুরোনো এই সড়কের বড়ো ধরনের মেরামত কাজ হয় না বেশ কিছুদিন যাবত্। মাঝে মাঝে সড়কে ইটের সুরকি ফেলে সংস্কার করার চেষ্টা করা হলেও তা অল্প কয়েক দিন পরই নষ্ট হয়ে যায়। এমন অবস্থায় গত কয়েক দিনের বৃষ্টিতে সড়কটিতে বড়ো বড়ো গর্ত আর বৃষ্টির পানি জমে কাদাজলে একাকার হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি। প্রতিদিনই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে এই সড়কের যাত্রীদের।
সরেজমিনে চাষাঢ়া থেকে পঞ্চবটি মোড় পর্যন্ত ঘুরে দেখা যায় সর্বত্রই সড়কটির বেহাল দশা। সড়কের বিভিন্ন অংশে এখন ভাঙা আর খানাখন্দে ভরা। কিছু জায়গায় এইচবিবি পদ্ধতিতে ইট বালু দিয়ে মেরামত করলেও অল্প দিনেই আগের অবস্থায় চলে গেছে। গত কয়েক দিনের বৃষ্টি সেখানে নতুন মাত্রা যোগ করে সড়কটি এখন কাদাজলে একাকার হয়ে গেছে। সে কারণে কাদায় ঢেকে থাকা সড়কে খানাখন্দে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতদিন কোনো রকমে বড়ো যানবাহন চলাচল করতে পারলেও এখন চলা দায় হয়ে পড়েছে।
অপর দিকে ছোটো যানবাহনগুলোর শেষ ভরসা মূল সড়কের পাশের অপ্রশস্ত পার্শ্বসড়ক। সেখানেও রিকশা আর অটোরিকশার জটলা। অগত্যা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিল্পাঞ্চল বিসিকগামী হাজার হাজার শ্রমিকের। এ প্রসঙ্গে খানপুরের বাসিন্দা বিসিকের একটি গার্মেন্টসের এক জন কর্মী বলেন, এই রাস্তায় গর্ত আগে থেকেই ছিল। বৃষ্টির আগে কোনো রকমে যাতায়াত করা গেলেও এখন অটোরিকশা চলাচল করতে পারে না। মাসদাইর দিয়ে যাতায়াত করতে হয়। ভাড়াও বেশি দিতে হয়। কিন্তু আমাদের ভোগান্তি কেউ দেখে না। একই অভিযোগ এই সড়ক ব্যবহারকারী অন্যদেরও। তাই দ্রুত সড়কটি মেরামতের দাবি সকলের।
