৫০০ কোটি টাকা অনুদান চেয়েছে কিন্ডারগার্টেন মালিকরা

আপডেট : ০৭ মে ২০২০, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কিন্ডারগার্টেন স্কুলগুলোর শোচনীয় অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে ৫০০ কোটি টাকা অনুদান চেয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অনুদানের আবেদন জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান বলেন, নিজস্ব অর্থায়নে পরিচালিত সারাদেশে প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। এসব স্কুলে প্রায় ১ কোটিরও বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে। এ স্কুলগুলোতে শিক্ষক-কর্মচারীর সংখ্যা রয়েছে প্রায় ৬ লাখ। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। শিক্ষার্থীদের মাসিক বেতনের ওপর নির্ভর করেই শিক্ষকদের বেতন ও বাড়িভাড়া পরিশোধ করতে হয়। এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দুর্বিষহ কষ্টে পড়ে গেছেন কিন্ডারগার্টেন শিক্ষক ও কর্মচারীরা।

পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রধানমন্ত্রী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, তাতে কিন্ডারগার্টেন স্কুলগুলোর শিক্ষক-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে করুণ অবস্থায় দিনাতিপাত করতে বাধ্য হবে।

এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি মনোয়ারা ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আব্দুল মাজেদ, যুগ্ম মহাসচিব মো. ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।