মাদারীপুর পৌরসভার মধ্যখাগদী এলাকায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ১৫টি বানরকে হত্যার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুত্ফুন নাহার নাজীমকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার মাদারীপুরের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম এই তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, অতিরিক্তি পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এম আনোয়ারুল হক ও সহকারী বন সংরক্ষক (ভারপ্রাপ্ত সামাজিক বন কর্মকর্তা) তাপস কুমার সেনগুপ্ত। এদিকে পাঁচটি বানরকে পোস্টমর্টেম করা হয়েছে। পোস্টমর্টেমের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এম আনোয়ারুল হক বলেন, পুলিশ মৃত বানরগুলো উদ্ধার করে আমাদের কাছে দিলে তার মধ্যে থেকে আমরা পাঁচটি বানরকে পোস্টমর্টেম করেছি। পোস্টমর্টেমের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকা থেকে রিপোর্ট না আসা পর্যন্ত আমরা বানর হত্যার ব্যাপারে কোনো কিছু বলতে পারব না।
উল্লেখ্য, মঙ্গলবার মাদারীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরমুগরিয়ার মধ্যখাগদি এলাকায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ১৫টি বানর হত্যা করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সামাজিক বন বিভাগের কর্মকর্তারা। পরে মৃত বানরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে আসা হয় জেলা প্রাণিসম্পদ অফিসে। এ ঘটনায় সদর মডেল থানায় ফৌজদারি এবং বন্যপ্রানী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে আলাদা দুটি মামলা দায়ের করে বন বিভাগ।
