প্রণোদনার অপব্যবহার অগ্রণী ব্যাংকের সতর্কতা জারি

আপডেট : ০৭ মে ২০২০, ২২:২০

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ঘোষিত সাধারণ ছুটির মাধ্যমে সীমিত আকারে ব্যাংক খোলা রয়েছে। এই সময়ে যেসব কর্মকর্তা জীবনের ঝুঁকি নিয়েছেন তাদের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রণোদনা ঘোষণার পর অনেক ব্যাংকার অফিসের প্রয়োজন ছাড়াই নিজেই অফিসে এসেছেন। যারা নিজের জীবন ও পরিবারকে ঝুঁকিতে রেখে অফিস করেছেন তারাই প্রণোদনা পাবেন। এই প্রণোদনার অপব্যবহারের বিষয়ে সতর্কতা জারি করেছে অগ্রণী ব্যাংক।

সংশ্লিষ্টরা জানান, সাধারণ ছুটির মধ্যে ২৯ মার্চ থেকে ব্যাংক সীমিত আকারে খোলা রয়েছে। ব্যাংকারদের আপত্তির মুখেও ব্যাংক নির্ধারিত কর্মকর্তারা ব্যাংকিং সেবা দিতে অফিস করেছেন। কিন্তু ১২ এপ্রিল করোনার সময় ১০ দিন অফিস এলে পুরো মাসের বেসিক বেতনের সমপরিমাণ বোনাসের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে অনেক ব্যাংকার অফিসে যাতায়াত করা শুরু করেছেন বলে বিভিন্ন ব্যাংক সূত্রে জানা গেছে। এতে ব্যাংক কর্তৃক রোস্টারের আওতায় অফিস আসা কর্মকর্তারা বিরক্তিও প্রকাশ করেছেন। গত রবিবার এক অফিস আদেশে অগ্রণী ব্যাংক বলেছে, রোস্টারের বাইরে যারা অফিস করেছেন তারা বোনাস পাবেন না। ৮ এপ্রিলের আগে থেকে অফিসে আসা কর্মকর্তাদের বোনাস প্রাপ্য বলে ঐ আদেশে বলা হয়েছে।