চলতি সেমিস্টারেই পাঠদান পরীক্ষা, মূল্যায়ন অনলাইনে

আপডেট : ০৭ মে ২০২০, ২২:২৫

চলতি সেমিস্টারেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন অনলাইনে করা যাবে। এছাড়া আগামী মাস থেকে অনলাইনে ভর্তিও করা যাবে। এসব বিধান রেখেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস, পরীক্ষা ও ভর্তির গাইডলাইন প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে এই গাইডলাইন প্রকাশ করা হয়। এতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে অন্তত ৬০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত থাকলেই নেওয়া যাবে পরীক্ষা। তবে গাইডলাইনে দুটি বিকল্প প্রস্তাব রাখা হয়েছে। ইউজিসিকে জানিয়ে বিশ্ববিদ্যালয়গুলো যে কোনো একটি পদ্ধতিতে তাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারবে। ইউজিসির এই সিদ্ধান্তের ফলে করোনাকালীন সময়ে অনলাইনে পরীক্ষা গ্রহণ ও ভর্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আর কোনো বাধা থাকলো না।

ইউজিসির প্রথম প্রস্তাবে বলা হয়, চলতি সেমিস্টারের কোর্সসমূহের অসমাপ্ত পাঠ্যসূচির ওপর অনলাইনে ক্লাস চলমান থাকবে। তবে ল্যাবরেটরিভিত্তিক সব কোর্সের ব্যবহারিক ক্লাস করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শ্রেণিকক্ষে সম্পন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের পরীক্ষা ও মূল্যায়ন করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চলমান নিয়ম অনুযায়ী গ্রহণ করবে।

আর দ্বিতীয় প্রস্তাবে বলা হয়, স্ব স্ব বিশ্ববিদ্যালয় নিজস্ব সক্ষমতা অনুযায়ী শিক্ষার্থীদের উপযোগী ডিজিটাল পদ্ধতিতে ক্লাস পরিচালনা করবে। চলমান সেমিস্টারের অসমাপ্ত         প্রায় ৩০ শতাংশের মতো পাঠ্যসূচি সম্পন্ন হয়ে গেলে অনলাইনে পরীক্ষা গ্রহণ করতে পারবে। তবে চলমান সেমিস্টারের বিভিন্ন বিষয়ের আগের ক্লাস উপস্থিতি, পারফরম্যান্স, ক্লাস টেস্ট এরং মিডটার্ম পরীক্ষার ওপর ভিত্তি করে মূল্যায়ন করতে হবে। একইসঙ্গে অনলাইনে পঠিত অংশের ওপর অ্যাসাইনমেন্ট, কেইস স্টাডি, ভাইভা, ভার্চুয়াল প্রেজেন্টেশন নিয়ে মূল্যায়ন সম্পন্ন করে ফল প্রকাশ করা যাবে। তবে ব্যবহারিক পরীক্ষা বিশ্ববিদ্যালয় খোলার পর ক্লাসে নিতে হবে। 

উভয় প্রস্তাবের যে কোনো একটি গ্রহণ করতে হলে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কমপক্ষে ৬০ শতাংশ হতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো যে পদ্ধতি গ্রহণ করবে তা লিখিতভাবে আগামী ১৭ মের মধ্যে ইউজিসিকে জানাতে হবে। আর যারা এখনো অনলাইনে ক্লাস শুরু করেনি বা করতে চান না তারা কোনো প্রক্রিয়ায় চলমান সেমিস্টার শেষ করবে। তাও আগামী ১৭ মের মধ্যে লিখিতভাবে ইউজিসিকে জানাতে হবে।

ভর্তির ব্যাপারে গাইডলাইনে বলা হয়, ১ জুন থেকে অনলাইনে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি ১৪টি নির্দেশনা দেওয়া হয়। সেখানে টিউশন ফি আদায়ে শিক্ষার্থীদের প্রতি মানবিক আচরণ করা; অসচ্ছল শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ, হ্রাস ও ইনস্টলমেন্টে প্রদানের সুযোগ রাখা; শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতনভাতা পরিশোধের কথা উল্লেখ করা হয়। ইউজিসির পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়) ফখরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনায় এনে দ্রুত এই গাইডলাইন তৈরি করা হয়েছে।