দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারযোগে ত্রাণ পৌঁছে দিল সেনাবাহিনী

আপডেট : ০৭ মে ২০২০, ২২:২৬

রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার প্রত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৮০টি পরিবারের মধ্যে বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে দেওয়া ত্রাণ বিতরণ করে সেনাবাহিনী। স্থানীয় বেসামরিক প্রশাসনের অনুরোধক্রমে সেনাবাহিনী নিজস্ব হেলিকপ্টারযোগে এই ত্রাণসামগ্রী পৌঁছে দেয়।

রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলা দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এবং সেখানে যোগাযোগ ব্যবস্থা না থাকায় সরকারি এসব ত্রাণসামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছিল না। এ প্রেক্ষিতে, রাঙ্গামাটি জেলা প্রশাসন সেনা রিজিয়নের কাছে সহযোগিতা কামনা করে। যার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ‘আর্মি এভিয়েশন’-এর একটি বিশেষ হেলিকপ্টারযোগে ঐসব এলাকায় ৪ হাজার কেজি ওজনের বিভিন্ন প্রকার ত্রাণসামগ্রী পৌঁছে দেয়। এ সব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, আলু ও সাবান। ত্রাণ বিতরণের সময় রাঙ্গামাটি সেনা রিজিয়নের কমান্ডার, রাঙ্গামাটি বিজিবির সেক্টর কমান্ডার, সেনা কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় হেডম্যান এবং কারবারীগণ উপস্থিত ছিলেন। —আইএসপিআর