দেশ জুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া নোভেল করোনা ভাইরাস সম্পর্কিত সরকারের দেওয়া তথ্য-উপাত্ত ‘সঠিক নয়’ দাবি করে ‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবস্থাপনায় গণমাধ্যমের সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। পরে গণমাধ্যমকর্মীদের হাতে পিপিই তুলে দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আজকে সরকারের তরফ থেকে আক্রান্ত অসুস্থ, সুস্থ এবং মৃত্যুর যে ডাটা দেওয়া হচ্ছে আমার তো মনে হয় বাংলাদেশের কোনো মানুষ তা বিশ্বাস করে না। এটা বিজ্ঞানের কথা। সংক্রমণ যখন বাড়ছে, ওপর দিকে যাচ্ছে তখন মৃত্যু ২/৩/৪ এ এসে পৌঁছাচ্ছে। অথচ সেদিনই আপনার ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালক বলছেন, আমার এখানে ৩১ জন মারা গেছেন, কয়েক জনের ডায়গনোসিস হয়েছে করোনা পজিটিভ, বাকিদেরটা আমরা এখন পর্যন্ত টেস্ট করিনি। আমাদের কাছে তথ্য হচ্ছে যে, টেস্ট করা হয় না, নির্দেশটা হচ্ছে মাঝে মাঝে টেস্ট করতে।
মির্জা ফখরুল বলেন, তৈরি পোশাক কারখানাসমূহ খুলে দিয়ে সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করছে। আজকে প্রতিটি মানুষ ঝুঁকির মধ্যে পড়েছে। এই যে গার্মেন্টসগুলোকে সরকার খুলে দিল, বাইরের এলাকাগুলো থেকে সব চলে আসল, যারা সংক্রমিত হয়ে চলে গিয়েছিল আবার সংক্রমিত হয়ে ফেরত আসল। তিনি বলেন, এই যে ভয়াবহ পরিণতির দিকে সরকার গোটা জাতিকে ঠেলে দিচ্ছে, এটা আসলে ক্ষমাহীন অপরাধ।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের পরিচালনায় অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সহসভাপতি রাশেদুল হক বক্তব্য রাখেন।
