মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনা ভাইরাসের হানা পার্ল হারবারের হামলার চেয়েও ভয়াবহ। তিনি বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন। তিনি করোনাকে নাইন ইলেভেন হামলার চেয়েও মারাত্মক বলে উল্লেখ করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার
করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটা পার্ল হারবারের চেয়ে খারাপ। এটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেয়েও খারাপ। এমন আগে কখনো ঘটেনি। উল্লেখ্য, ১৯৪১ সালের ৭ ডিসেম্বর ভোরে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে মার্কিন নৌসেনার ঘাঁটিতে অতর্কিতে আক্রমণ করেছিল জাপানের নৌবাহিনী। হাওয়াই দ্বীপে ঐ দিনটি ছিল ছুটির দিন। ছয়টি বিমানবাহী জাহাজ থেকে ৩৫৩টি জাপানি যুদ্ধবিমান এবং টর্পেডো বিমান মার্কিন নৌঘাঁটিতে একযোগে আক্রমণ করে। চারটি মার্কিন যুদ্ধজাহাজ তত্ক্ষণাত্ ডুবে যায়। অন্য চারটি যুদ্ধজাহাজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পার্ল হারবারের ঐ হামলায় ১৮৮টি মার্কিন বিমান ধ্বংস হয়। নিহত হয় ২ হাজার ৪০২ মার্কিনসেনা। আহত হয় আরো ১ হাজার ২৮২ জন। পার্ল হারবার এই আক্রমণ ছিল ইতিহাসের একটি অপ্রত্যাশিত সামরিক অভিযান। অন্যদিকে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলায় ৩ হাজারের বেশি প্রাণহানি হয়। যার জেরে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে আফগানিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
