ঘটনাবহুল বছর ২০১৮

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২২:২১

প্রকৃতির নিয়মে শেষ হতে যাচ্ছে আরও একটি বছর। নতুন বছরে নতুন দিনের অপেক্ষায় বিশ্ববাসী। আজ ২০১৮ সালের শেষ দিন।

তবে বছরটি ছিল ঘটনাবহুল। এর মধ্যে থাইল্যান্ডে গুহাকাণ্ড এবং সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড ছিল সবচেয়ে

বেশি আলোচিত। এসব ঘটনার মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা তুলে ধরেছেন— এম এ আলআমিন

স্টর্মি ড্যানিয়েল উপাখ্যান: ট্রাম্প নির্বাচনের আগে পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে যৌনাচার লুকাতে ১ লাখ ৩০ হাজার ডলার অর্থ ব্যয় করেন। ১২ জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যমগুলোর এ প্রতিবেদন প্রকাশ করে। ২০১৬ সালের অক্টোবরে স্টেফানি ক্লিফোর্ডকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন।

ফ্লোরিডা স্কুলে গুলি: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডে অবস্থিত মারজোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে ১৪ ফেব্রুয়ারি গুলি করে ১৭ জন শিক্ষার্থীকে হত্যা করে নিকোলাস ক্রুজ নামে ১৯ বছর বয়সী এক কিশোর। জানা যায়, আগ্নেয়াস্ত্রের প্রতি তার দুর্বলতা ছিল। সে স্কুল থেকে শৃঙ্খলাভঙ্গের কারণে বহিষ্কৃত হয়েছিল।

রিপাবলিকানদের প্রাধান্য ক্ষুণ্ন: ৬ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায়। তবে সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখে। এছাড়া, এবারের নির্বাচনের মধ্য দিয়ে কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের একচ্ছত্র প্রাধান্য ক্ষুণ্ন হয়।

থাইল্যান্ডের সেই গুহা: থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় ১২ জন কিশোর ফুটবল ও তাদের কোচ আটকা পড়ার ১৮ দিন পর তাদের উদ্ধার করা হয়। এই ঘটনা আন্তর্জাতিক প্রচার মাধ্যমে সাড়া ফেলে। ২৩ জুন কিশোর ফুটবল দলটির ১২ সদস্য ও তাদের কোচ থাম লুয়াং গুহায় ঘুরতে গিয়ে আটকা পড়ে। এ সময় বাইরে প্রবল বৃষ্টিপাত শুরু হলে পাহাড়ি ঢলের পানি ঢুকে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। নয় দিন গুহায় আটকা থাকার পর দুই ব্রিটিশ ডুবুরি গুহার অনেকটা ভিতরে তাদের সন্ধান পান। ১৮ দিন পর ১০ জুলাই সবাইকে উদ্ধার করে গুহার বাইরে আনার পর এক রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান হয়। এই পুরো সময়টিতে গুহায় আটকাপড়া ওই কিশোরদের নিরাপদ রাখার জন্য তাদের কোচ একাপল চান্তাওয়ং ব্যাপকভাবে প্রশংসিত হন। এদের মধ্যে তিন কিশোর ও তাদের কোচকে নাগরিকত্ব দেয় থাইল্যান্ড। থাই ওই গুহাকে জাদুঘরে পরিণত করা হবে জানিয়েছে। কিশোরদের উদ্ধারের সময় ব্যবহূত জামাকাপড় ও সরঞ্জামগুলো সাইটে প্রদর্শনের জন্য রাখা হবে।

জামাল খাশোগি: সৌদি ভিন্ন মতাবলম্বী ও রাজ পরিবারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগি ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর আর বের হননি। তুরস্কের অভিযোগ সৌদি আরব ১৫ জনের একটি ঘাতক দল পাঠিয়ে তাকে হত্যা করেছে। রিয়াদ অবশ্য প্রথমে এ অভিযোগ অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। তবে দেশটি জোর দিয়ে দাবি করে যে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে এটি হয়নি। আঙ্কারা দাবি করে, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতরে হত্যা করা হয়েছে এবং এ বিষয়ে প্রমাণ তাদের কাছে আছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই এটি করা হয়েছে। খাশোগি কনস্যুলেটে ঢোকার আগে তার অ্যাপল হাতঘড়ির রেকর্ড অপশন অন করেন। অডিও বিশ্লেষণ করে ধারণা পাওয়া যায় যে তাকে কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়েছে। তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, এমন কয়েকটি অডিও-ভিডিও রেকর্ড তাদের হাতে রয়েছে যা থেকে প্রমাণ করা সম্ভব যে, খাশোগিকে কনস্যুলেটের ভেতরেই হত্যা করা হয়। 

ইরানের কঠিন সময়:ইরানের জন্য বছরটি শুরু হয়েছিল ৮০টির বেশি শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভের মধ্য দিয়ে। এক দশকের মধ্যে সবচেয়ে সহিংস এ বিক্ষোভে অন্তত ২২ জন নিহত হয়। ৮ মে ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন ট্রাম্প। এটি ছিল তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতির বাস্তব প্রতিফলন। ২০১৫ সালে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিএ) চুক্তিটি ইরান ও ছয়টি দেশের মধ্যে হয়েছিল। চুক্তিটি হওয়ার পর দেশটির আরোপিত নিষেধাজ্ঞাগুলো ক্রমাম্বয়ে শিথিল করা হয়েছিল। পশ্চিমা মিত্রদের পরামর্শ উপেক্ষা করে মে মাসে চুক্তি থেকে বেরিয়ে যান। নভেম্বরের প্রথম সপ্তাহে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাগুলো ফের কার্যকর হয়।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত:৩০ মার্চ থেকে গাজা সীমান্তে বিক্ষোভ শুরু করে ফিলিস্তিনিরা। তাদের শান্তিপূর্ণ এই বিক্ষোভে গুলি চালিয়ে বহু লোককে হত্যা করে ইসরাইল। ভূমি দিবস উপলক্ষে শুরু হওয়া এ বিক্ষোভ ১৫ মে নাকাবা দিবস পালনের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা থাকলেও বছরজুড়ে থেকে থেকে তাদের ওপর হামলা চলে। ১৯৪৮ সালে শরণার্থী হওয়া লাখ লাখ মানুষকে ইসরাইলের দখলে থাকা এলাকায় ফিরতে বাধা দেয়ার প্রতিবাদে সীমান্ত বরাবর ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ নামের এ বিক্ষোভের ডাক দেয় হামাসসহ বিভিন্ন সংগঠন।

দুমায় রাসায়নিক হামলা: সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত দুমায় ৭ এপ্রিল রাসায়নিক গ্যাস হামলা চালানো হয় বলে অভিযোগ করে বিদ্রোহী গোষ্ঠী জয়েশ আল ইসলাম ও পশ্চিমা কয়েকটি মেডিক্যাল ত্রাণ সংস্থা। তবে সিরিয়া ও তার মিত্র রাশিয়া এ রাসায়নিক হামলার অভিযোগ অস্বীকার করে।

সের্গেই স্ক্রিপাল ও কূটনীতি যুদ্ধ: ৪ মার্চ ব্রিটেনের সলসবেরির পল্লি এলাকায় নার্ভ গ্যাস হামলার শিকার হন সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপাল। ইউলিয়া ২৯ মার্চ এবং তার বাবা ১৮ মে হাসপাতাল থেকে ছাড়া পান। ৪ মার্চ তাদের দুজনকে সলসবেরির একটি পার্কের বেঞ্চে অচেতন অবস্থায় পাওয়া যায়। রুশ নাগরিক সের্গেই স্ক্রিপাল যুক্তরাজ্যে নিজের দেশের তথ্য পাচার করতেন। তাকে হত্যা চেষ্টার পর থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার কূটনৈতিক লড়াই শুরু হয়। যুক্তরাষ্ট্র ৬০ জন রুশ কূটনীতিক বহিষ্কার করে। পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়া ব্রিটিশ কাউন্সিল এবং সেন্ট পিটার্সবুর্গে ব্রিটিশ কন্স্যুলেট জেনারেলের দপ্তর সাময়িকভাবে বন্ধ করে দেয়।

আলোচনা-সমালোচনায় সৌদি যুবরাজ: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম বছর জুড়ে আলোচনা-সমালোচনায় ছিলেন। ১৫ মার্চ তিনি বলেন, ইরান পরমাণু বোমা বানালে তার দেশ পিছিয়ে থাকবে না। ২১ এপ্রিল থেকে মিডিয়ায় অনুপস্থিত থাকেন বিন সালমান। ওই দিন প্রাসাদে গোলাগুলির শব্দ শোনা যায়। ধারণা করা হয় তিনি সে ঘটনায় আহত বা নিহত হয়ে থাকতে পারেন। প্রায় দুমাস পর রাশিয়ায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে দেখা যায়। জামাল খাশোগি হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার কথা আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হয় ও তিনি একঘরে হয়ে পড়েন। ২৩ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলন বর্জন করে অনেকগুলো দেশ ও সংস্থা। বুয়েনোসাইরেসে অনুষ্ঠিত জি ২০ সম্মেলনেও যুবরাজকে অনেকটা নিঃসঙ্গ মনে হয়।

রাহুলের মিশন ২০১৯:ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী ২৫ জানুয়ারি সাধারণ নির্বাচন ও আসন্ন কর্ণাটক রাজ্যের নির্বাচনকে সামনে রেখে তার ‘মিশন ২০১৯’ প্রকাশ করেন। রাহুল গান্ধীর বিদায়ী বছরে ব্যস্ত সময় অতিবাহিত করেন। সুযোগ পেলেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ  মোদী ও বিজেপিকে নিশানা করে আঘাত হানেন। বছর শেষে পাঁচটি রাজ্যে আঞ্চলিক নির্বাচনে বিজেপির ভরাডুবি ঘটে।

মোদীর বিরুদ্ধে অনাস্থা ভোট: ভারতে ২০ জুলাই অনাস্থা ভোটে টিকে যায় প্রধানমন্ত্রী নরেন্দ  মোদীর সরকার। লোকসভার ৪২৫ সদস্যের মধ্যে ৩২৫ জন সরকারের সমর্থনে এবং ১২৬ জন বিপক্ষে ভোট দেন। মার্চে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) সরকার থেকে বেরিয়ে যাওয়া তেলেগু দেসাম পার্টি (টিডিপি) লোকসভায় সরকারের বিরুদ্ধে এই অনাস্থা ভোটের প্রস্তাব তোলে। এর আগে ২০০৩ সালে অটল বিহারি বাজপেয়ী সরকার পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হয়।

কোরিয়া উপদ্বীপে শান্তির আভাস:উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ২১ এপ্রিল থেকে উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা এবং আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উেক্ষপণ বন্ধ রাখার ঘোষণা দেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন ২৭ এপ্রিল দুই কোরিয়ার মধ্যবর্তী সুরক্ষিত সীমান্তের পানমুনজোমে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেন। পানমুনজোম গ্রামের পিস হাউস সম্মেলন কেন্দে  দুই নেতার মধ্যে ৩০ মিনিটের আলোচনায় উন পুরোপুরি পরমাণু নিরস্ত্রীকরণে রাজী হন। ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম উনের মধ্যে ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ফের ক্ষমতায় মাহাথির:মালয়েশিয়া ৯ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নাজিব রাজাককে হটিয়ে প্রধানমন্ত্রী হন মাহাথির বিন মোহাম্মদ। মাহাথিরের নেতৃত্বাধীন বিরোধী পাকাতান হারাপান (অ্যালায়েন্স অব হোপ) জোট পার্লামেন্টে ২২২টি আসনের মধ্যে ১১৩টি জেতে। ক্ষমতাসীন ন্যাশনাল ফ্রন্ট (বারিসান ন্যাশনাল) পায় ৭৯টি আসন। বিরোধী জোটের জয়ের মধ্য দিয়ে ন্যাশনাল ফ্রন্টের ছয় দশকের শাসনের অবসান ঘটে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও কয়েক বিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগে নাজিবের জনপ্রিয়তায় ধস নেমেছিল। এছাড়া ৬০ বছর ধরে ক্ষমতায় থাকা ন্যাশনাল ফ্রন্টের নতুনভাবে কর আরোপের বিষয়ে ত্যক্তবিরক্ত হয়ে উঠেছিল।

ইমরানের নেতৃত্বে পাকিস্তান: পাকিস্তানের ২৫ জুলাইর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পায় সাবেক ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক ই ইনসাফ পাকিস্তান (পিটিআই)। ১৮ আগস্ট তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। নির্বাচনে মাঠে ইমরানের এই উত্থানকে অনেকটা টি-২০ ম্যাচের সঙ্গে তুলনা করেন অনেক বিশ্লেষক। একটা সময় ধারণা করা হতো ক্রিকেট ক্যাপ্টেন হিসেবে তিনি যত সাফল্যই পান না কেন রাজনীতিতে তার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। কিন্তু তিনি এ ধারণা ভুল প্রমাণ করেন। ১৯৯২ সালে তার নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপ জেতে।

ইন্দোনেশিয়ায় সুনামি: ইন্দোনেশিয়ায় ২৩ ডিসেম্বর আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতে সৃষ্ট সুনামিতে ২৮১ জন মারা যায়। সুনামির দুটি বিশাল ঢেউ সুমাত্রা ও জাভা দ্বীপের উপকূলীয় শহরগুলো গুঁড়িয়ে দেয়। আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুত্পাতের ফলে সাগরতলে ভূমিধসের কারণে সুনামিটি হয়। এর সঙ্গে পূর্ণিমার প্রভাব যুক্ত হওয়ায় বিপুল শক্তি নিয়ে সৈকতে আছড়ে পড়েছে সুনামির ঢেউ। অগ্ন্যত্পাতের ফলে আগ্নেয়গিরির ওপরের অংশ ভেঙে পড়ে।

চাপেও নত হননি থেরেসা মে:ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ৭ জুলাই তার ব্রেক্সিট পরিকল্পনা প্রকাশ করেন। ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার যে নতুন নীল-নকশা তিনি তৈরি করেছেন তার প্রতি দল ও ব্যবসায়ীদের সমর্থন আদায় করতে তিনি ব্যর্থ হন। তা সত্ত্বেও ২৫ নভেম্বর ব্রাসেলসে ইইউ নেতৃবৃন্দ ওই পরিকল্পনা অনুমোদন করেন। কিন্তু সেটি অনুমোদন না করার জন্য গোঁ ধরেন পার্লামেন্ট সদস্যরা। শেষ পর্যন্ত তারা ১২ ডিসেম্বর মে’র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেও মে সেটি উতরে যান। ব্রেক্সিট পরিকল্পনাকে কেন্দ্র করে চলতি বছর তার অনেক মন্ত্রী ও এমপি পদত্যাগ করেছেন। আগামী বছর ২৯ মার্চের মধ্যে ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন হবে।