প্রাক্তনের সঙ্গে নতুন রসায়নে দীপিকা

আপডেট : ০৮ মে ২০২০, ২০:২৬

বিনোদন ডেস্ক

 

আরও একবার দীপিকা পাডুকোনের ওপর ভরসা করতে চান সঞ্জয়লীলা বানশালি। শোনা যাচ্ছে, পরবর্তী ছবি ‘বৈজু বাওরা’র জন্য দীপিকার কথা ভাবছেন পরিচালক। আর তার বিপরীতে থাকতে পারেন রণবীর কাপুর।

দীপিকা-রণবীর জুটি বলিউডে অন্যতম হিট জুটি। বলিউডে একসঙ্গে এখন পর্যন্ত ৩টি ছবি করেছেন তারা। ৩টিই হিট। তার মধ্যে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ তো এখনও অনেকের প্রিয় ছবির তালিকায় রয়ে গিয়েছে। এছাড়া দু’জনের মধ্যে কেমিস্ট্রিও বেশ ভালো। এক সময় সম্পর্কে ছিলেন তারা। কিন্তু সম্পর্ক ভাঙার পর তার আঁচ পড়েনি পেশাগত জীবনে। সম্পর্ক ভেঙে যাওয়ার পরই ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ শ্যুট করেন তারা। সেই ছবি কাঁপিয়ে দিয়েছিল বক্স অফিস।

রণবীর-দীপিকার সেই ম্যাজিকই এবার নিজের ছবিতে চান বানশালি। তাই ‘বৈজু বওরা’র জন্য এই দুই তারকাকেই সই করানোর কথা ভাবছেন তিনি। আর তাছাড়া রণবীর সিং ও দীপিকা পাডুকোন পরপর ৩টি ছবি হিট করে দিয়েছেন তাকে। এই জুটির ছবি যে হিট হবে তা যেন এক প্রকার নিশ্চিতই হয়ে গিয়েছে। তাই এবার অন্যরকম এক্সপেরিমেন্ট করতে চান তিনি।

১৯৫২ সালের জনপ্রিয় ছবি ‘বৈজু বাওরা’র রিমেক করতে চান পরিচালক। ওই ছবিতে অভিনয় করেছিলেন ভারত ভূষণ ও মীনা কুমারী। শোনা যাচ্ছে, একজন বিখ্যাত সংগীতজ্ঞের জীবন অবলম্বনে তৈরি হওয়ার কথা ছবিটি।