দেশের চলচ্চিত্রে অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ প্রচারিত হবে আসছে ঈদুল ফিতরে। ঈদ উপলক্ষে নাগরিক টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানমালায় বিশেষ আকর্ষণ হিসেবে দেখানো হবে ছবিটি। অর্থাত্ এবারের ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে ৬টায় চমক হিসেবে নাগরিক টেলিভিশন প্রচার করবে সালমান শাহ ও মৌসুমী জুটির দর্শকপ্রিয় ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’।
১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিটি। ব্যাপক আলোচিত ও ব্যবসাসফল এই ছবিতে একইসঙ্গে অভিষেক হয়েছিল প্রয়াত সুপারস্টার নায়ক সালমান শাহ ও ‘প্রিয়দর্শিনী’ খ্যাত নায়িকা মৌসুমীর। এরপর অসময়ে অমর নায়ক সালমান শাহ পরপারে পাড়ি জমালেও মৌসুমী এখনও দাঁপিয়ে বেড়ান চলচ্চিত্র জগত্।
এর আগে ঈদের দিন বিকেল ৩টায় নাগরিকের পর্দায় অপু বিশ্বাস ও ববিকে নিয়ে হাজির হবেন ঢালিউড কিং শাকিব খান। বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’ সিনেমার মাধ্যমে পর্দায় আসবেন তারা।
