স্পোর্টস ডেস্ক
৭ মার্চ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের পর কেটে গেছে ৬১ দিন। এ সময়টায় বিরক্তিকর বাধ্যতামূলক নির্বাসন ফুটবল থেকে দূরে রেখেছিল বার্সেলোনাকে। লিওনেল মেসিদের নির্বাসন অবশেষে শেষ হয়েছে। গতকাল শুক্রবার দুই মাস পর অনুশীলনে ফিরেছে কোচ কিকে সেতিয়েনের শিষ্যরা।
গত বুধবার ক্লাবটির সবার করোনা পরীক্ষার পর নেগেটিভ প্রমাণিত হন ক্লাবের সবাই। এ ফলাফলের পর অনুশীলনে নামতে একদম দেরি করেনি কাতালান দলটি। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকালে নিজেদের অনুশীলন মাঠ সিউতাত এস্পোর্তিভা হোয়ান গ্যাম্প অনুশীলন করেন লিওনেল মেসিরা।
ব্যক্তিগত অনুশীলনেই সীমাবদ্ধ ছিল সেশনটি। সামাজিক দূরত্বের নিয়ম মেনে তিনটি আলাদা জায়গায় অনুশীলন করেন মেসিরা। আর নিয়ম মেনে প্রত্যেকেই অনুশীলনে আসেন বাড়ি থেকে তৈরি হয়েই। অনুশীলন শেষ হতেই সোজা নিজ যানবাহনে করে ক্লাব ছাড়েন সবাই। আগামী ১৮ মে পর্যন্ত এভাবেই ব্যক্তিগত অনুশীলন করবেন মেসিরা। এরপর থেকে শুরু হবে দলগত অনুশীলন।
