জার্মানিকে অনুসরণ করবে না বাফুফে

আপডেট : ০৮ মে ২০২০, ২১:১৭

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাস কবে মুছে যাবে কেউ জানে না। পৃথিবী থমকেও থাকলেও কোনো কোনো দেশের স্থবির ফুটবল মাঠে গড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ব্রাজিলের ক্লাবগুলো খুলতে শুরু করেছে। বার্সেলোনা, রিয়াল মার্দিদের খেলোয়াড়দের করোনা টেস্ট করা হয়েছে। জুনে লিগ শুরু হতে পারে—এমন ধারণা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন খেলোয়াড়রা। তুরস্কের ফুটবল লিগ মাঠে গড়ানোর ব্যাপারে ইতিবাচক। করোনা পরিস্থিতিতেও তুরস্ক ফুটবল ফেডারেশন আগামী আগস্টে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজনে প্রস্তুতির কথা জানিয়েছে। জার্মানিতে বুন্দেসলিগা শুরু করা নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের অনুমতি চাওয়া হয়েছিল। মার্কেল অনুমতি দিলেও শর্তজুড়ে মত দিয়ে বলেছেন, দর্শকবিহীন খেলা আয়োজন করার জন্য। ১৬ মে পুনরায় বুন্দেসলিগা শুরু হচ্ছে। দর্শক থাকবেন না। এমন পরিস্থিতিতে স্থগিত থাকা বাংলাদেশে প্রিমিয়ার লিগের ভাগ্যে কী আছে? তা নিয়ে চলছে একটা অনিশ্চিয়তা। তবে লিগ শুরুর পক্ষে দেশের ফুটবলাররা। জাতীয় দলে যারা খেলছেন তারা হরহামেশাই দাবি করে আসছেন প্রিমিয়ার লিগ হোক। জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে লিগের পক্ষে গ্রহণযোগ্য যুক্তি তুলে ধরেছেন। বাফুফেও লিগ শুরুর পক্ষে ইতিবাচক। কিন্তু লিগ হবে তো? সেই ভাগ্য নির্ধারণ হবে সোমবার। যদি লিগ হয় তাহলে কি দর্শকবিহীন মাঠে খেলা হবে? বাফুফে সেই পথ অনুসরণ করবে না জানিয়ে দিয়েছেন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেছেন, ‘জার্মানিতে বুন্দেলিগা দর্শকবিহীন হলেও আমাদের দেশে সেটা করার প্রয়োজন হবে না।’ সোহাগ বলছেন, ‘আমাদের দেশে ফুটবল লিগ হলে উপচে পড়া দর্শক হয় না। গ্যালারি অনেকটাই ফাঁকা থাকে। দর্শক কমই হয়। যারা নিয়মিত খেলা দেখেন তারা জানেন কোন ম্যাচে কত দর্শক গ্যালারিতে থাকেন। এখন যদি বলি লিগে দর্শক আসতে পারবে না, বুন্দেসলিগার মতো দর্শকবিহীন খেলা হবে, সেটা হাস্যকর লাগবে। আমরা জার্মানিকে অনুসরণ করব না। লিগ শুরু হলে সামাজিক দূরত্ব বজায় রেখে গ্যালারিতে বসবেন দর্শক।’ বাফুফের সাধারণ সম্পাদক যেটাই বলুন না কেন লিগের ভাগ্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার, বাফুফের নির্বাহী কমিটির সভায়।