স্পোর্টস ডেস্ক
সবকিছু ঠিকঠাক থাকলে এতক্ষণে উইম্বলডন নিয়ে প্রস্তুতি শুরু হয়ে যেত সবার। কিন্তু করোনা ভাইরাসের কারণে চলতি বছরের সব সূচিই হয়ে গেছে এলোমেলো। স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল মনে করেন, চলতি বছরটাকে বাদ দিয়ে এখনই পরবর্তী বছরের পরিকল্পনা করা উচিত আয়োজকদের।
সম্প্রতি স্প্যানিশ পত্রিকা এল পাইসকে দেওয়া এক সাক্ষাত্কারে চলতি বছরের সম্ভাবনা সম্পর্কে নাদাল বলেন, ‘এমনটা হলে ভালোই হতো, কিন্তু আমি তেমন কিছু বিশ্বাস করছি না আপাতত। যদি আপনি বলেন ২০২১ সালে আমরা সবকিছুর জন্য প্রস্তুত থাকব, আমি এখনই সেখানে নিজের নামটা লিখিয়ে রাখব।’
করোনা আক্রমণের আগে চলতি বছর কেবল একটি টুর্নামেন্টই হয়েছে টেনিস বিশ্বে। অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জেতেন নোভাক জকোভিচ। নাদাল জানালেন, করোনার কারণে কার্যত চলতি বছরটা শেষই হয়ে গেছে।
জানালেন, পরবর্তী বছরের শুরুর প্রতিযোগিতা অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে বেশি চিন্তিত তিনি। নাদালের ভাষ্য, ‘চলতি বছরের শেষে কী হবে তার থেকে অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে বেশি চিন্তা হচ্ছে আমার। আমার মনে হয় ২০২০ সালটা কার্যত শেষ। আগামী বছর থেকে আবারও আমরা সবকিছু শুরু করতে পারব বলে মনে আশাবাদ রাখছি। আশা করছি সেটাই হবে।’
উইম্বলডন বাতিলই হয়ে গেছে। ফরাসি ওপেনের সময় পিছিয়ে সেপ্টেম্বরের শেষে নিয়ে যাওয়া হয়েছে। ইউএস ওপেন নিয়ে সিদ্ধান্ত আসেনি এখনো। তবে সেসব নিয়ে খুব বেশি আশাবাদী নন নাদাল।
