স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাস এবার আঘাত হানল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। করোনায় আক্রান্ত হয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার সলো কুইনি। একের পর এক রোগের সঙ্গে যুদ্ধ করতে করতে শেষমেশ তিনি আক্রান্ত হয়েছেন মহামারি কোভিড-১৯ এ।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর নিজেই জানিয়েছেন কুইনি। টুইট বার্তায় কুইনি লিখেন, ‘গত বছর আমি গুইলান বেয়ার সিন্ড্রোমে আক্রান্ত হলাম। ১০ মাস ধরে এটার সঙ্গে লড়াই করছি। সুস্থ হওয়ার মাঝপথে আমার যক্ষ্মা হলো, আমার লিভার এবং কিডনি ফেইলিউর দেখাল। আর আজকে আমি করোনা ভাইরাসেও পজিটিভ শনাক্ত হলাম। আমি জানি না, সবকিছু কেন আমার সঙ্গেই হয়?’
তবে কুইনির এজেন্ট রব হাম্পরিস বেশ আশাবাদী ২৬ বছর বয়সি এই অলরাউন্ডার দ্রুতই কাটিয়ে উঠবেন করোনার ধাক্কা। রব বলেন, ‘আমি ওর (কুইনির) ফিরে আসার ব্যাপারে বেশ আশাবাদী। আগেও ও অনেক রোগের সাথে লড়েছে এবং ফিরেও এসেছে। ওর মানসিক শক্তি অনেক বেশি। আমি নিশ্চিত শিগগিরই সে কোভিড-১৯ এর সঙ্গে লড়াই করে জিতে আসবে।’
দক্ষিণ আফ্রিকায় ৩৬টি প্রথম শ্রেণি, ৪৪টি লিস্ট-‘এ’ এবং ৩৪ টি-২০ ম্যাচ খেলেছেন কুইনি। তবে এখনও জাতীয় দলে খেলা হয়নি তার।
এর আগে পাকিস্তানের জাফর সরফরাজ এবং স্কটল্যান্ডের মাজিদ হক কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। এর ভেতর জাফর সরফরাজ করোনার সঙ্গে যুদ্ধে হার মেনে মৃত্যুবরণ করেছেন।
