বগুড়ার বক্ষব্যাধি হাসপাতালের নার্সের করোনা শনাক্ত

আপডেট : ০৮ মে ২০২০, ২১:২৫

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার বক্ষব্যাধি হাসপাতালের একজন নার্সের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার রাতে তার করোনা পজিটিভ বলে শনাক্ত হয়।

বৃহস্পতিবার বিকালে আকস্মিকভাবে তিনি করোনা রোগীদের চিকিত্সার জন্য নির্ধারিত মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি সেখানেই চিকিত্সাধীন।

বগুড়ার সিভিল সার্জন ডা. গাওসিল আজিম চৌধুরী জানান, একজন নার্স আক্রান্ত হওয়ার পর বক্ষব্যাধি হাসপাতালের চিকিত্সক ও নার্সসহ সকল স্টাফের নমুনা পরীক্ষা করানোর জন্য নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে  সেখানে ভর্তি থাকা রোগীদেরকেও নমুনা পরীক্ষার করাতে বলা হয়।

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা জানান, ডিমলা হাসপাতালের আরো এক নার্সের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারোয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৭ মে পর্যন্ত উপজেলার মোট ১২৭ জনের নমুনার সংগ্রহ হয়। এর মধ্যে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র স্টাফ নার্সের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। বৃহস্পতিবার রাতেই তাকে ডিমলা হাসপাতালের আইসোলেশন বিভাগে রাখা হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত মোট আট জনে দাঁড়াল।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায় বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।