নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই শিশুসহ নিহত ৩

আপডেট : ০৮ মে ২০২০, ২২:৫৫

নারায়ণগঞ্জের বন্দরে বহুতল ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই শিশু ও অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে বন্দরের উইলসন রোডের দীঘিরপাড় মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিস্ফোরিত ভবনের নিচতলার বাসিন্দা খোরশেদ আলমের দুই ছেলে মাসনুন (১২) ও জিসান (৮) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান পাশের বাড়ির হুমায়ুন কবিরের ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লাবনী আক্তার (৩০)। বিস্ফোরণে পাশের একটি চার তলা বাড়ি ও একটি টিনশেড বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত হয়েছে নিহত নারীর মেয়েসহ আরো পাঁচ জন। তারা হলেন—নাবিলা, তামান্না, শহীদ, রেকমত শেখ, রুবেল।

মৃত দুই শিশুর মা রুনা আক্তার জানান, ভোর রাতে সেহরি খেয়ে তার দুই ছেলে সেফটিক ট্যাংকের ওপরে থাকা রুমে ঘুমাতে যায়। ভোর ছয়টার দিকে হঠাত্ বিকট শব্দ শুনে ঘুম ভেঙে দেখি বিস্ফোরণে ফ্ল্যাটের চারটি রুম ভেঙে গেছে। এদিকে বিস্ফোরণের খবর পেয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্ফোরণে যে চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ঐ ভবনে বসবাসকারী           লোকজনকে অন্যত্র সরে যেতে নির্দেশ দেওয়া হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।