শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ঢাকায় ফেরা মানুষের ঢল

আপডেট : ০৮ মে ২০২০, ২২:৫৭

ঢাকায় ফেরা মানুষের ঢল নেমেছে। করোনার হটস্পট ঢাকায় ফিরতে যেন পাগল প্রায় মানুষ। গতকাল ঈদের উত্সবের ন্যায় ঘরমুখী মানুষের ঢল নেমেছিল ঢাকায় ফিরতে। পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিনের কর্মস্থল ও বাসস্থানে এখন মানুষজন ফিরছে লকডাউন ভেঙে।

গত ২৬ মার্চ হতে লকডাউন থাকায় এ সকল লোকজন শহর ছেড়ে দঙ্গিণবঙ্গের গ্রামের বাড়িতে ছুটে যায় পরিবার-পরিজন নিয়ে। সরকার গার্মেন্টসের পর ঢাকার মার্কেট খুলে দেওয়ার ঘোষণার পর বিপুলসংখ্যক মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। শুক্রবার ভোর হতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরিতে শত শত লোক পার হয়ে আসছে শিমুলিয়া ঘাটে।

সকালে সরেজমিনে শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, কাঁঠালবাড়ি ঘাট হতে শত শত লোক আসছে ফেরিতে করে শিমুলিয়া ঘাটে। শত শত লোক পরিবার-পরিজন নিয়ে ঘেঁষাঘেঁষি করে ফেরিতে দাঁড়িয়ে পার হচ্ছে প্রমত্তা পদ্মা। এমনকি ফেরির দ্বিতীয় তলায় ওঠার সিঁড়িতেও দাঁড়িয়ে লোক আর লোক।  বাস না পেয়ে এ সব যাত্রী গত কিছু দিনের মতো নসিমন, করিমন, অটোরিকশা, সিএনজি, থ্রি হুইলার, টেম্পো। অফলাইনের উবার, পাঠাও ও সহস্রাধিক     মোটর সাইকেলে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ফিরছে ভেঙে ভেঙে।  তারপর ফেরি পার হয়ে শিমুলিয়া ঘাটে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কবির হোসেন জানান, আসলে মনে হয়, লোকজন অধৈর্য হয়ে পড়েছে। মরণব্যাধি করোনাকে তারা এখন ভয় পাচ্ছে না। কর্মস্থলে ফিরতে সকলেই এখন উদগ্রীব হয়ে পড়েছে। মাওয়া ট্রাফিক জোনের টিআই হিলাল উদ্দিন জানিয়েছেন, ঈদের উত্সবের ন্যায় মানুষের ঢল ছিল ঢাকামুখী। করোনা বলে কিছু আছে—এমনটি যেন তাদের মনেই নেই।