ট্রাম্পের সাবেক উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ বাতিল হচ্ছে

আপডেট : ০৮ মে ২০২০, ২২:৫৯

সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে এফবিআইকে মিথ্যা বলার অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক সহযোগী মাইকেল ফ্লিন। ট্রাম্পের সাবেক এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওপর থাকা অপরাধের অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছে মার্কিন বিচার বিভাগ। ২০১৭ সালে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিলেন তিনি। বিবিসির এক খবরে বলা হয়েছে, স্বীকারোক্তি প্রত্যাহার করে নিতে চাইছেন ফ্লিন।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাইকেল ফ্লিন তিন তারকা লেফটেন্যান্ট জেনারেল। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের শপথ নেওয়ার কয়েক সপ্তাহের মাথায় তিনি হোয়াইট হাউজ ছেড়ে যান। ২০১৭ সালের ডিসেম্বরে ফ্লিন স্বীকার করেন যে, তিনি এফবিআইয়ের কাছে রুশ যোগসাজশ নিয়ে মিথ্যা বলেছিলেন। সেই বছর জানুয়ারিতেই তিনি রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে কথা বলেছিলেন।

আদালতে উপস্থাপন করা নথির বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি বলছে, বিচার বিভাগ মাইকেল ফ্লিনের মামলা খারিজ করতে চায়। বিচার বিভাগ বলছে,         ২০১৭ সালের জানুয়ারিতে তদন্তকারী ও ফ্লিনের মধ্যকার সাক্ষাত্কার অন্যায় ছিল আর তিনি মিথ্যা বলেছেন তা নিয়েও নিশ্চিত ছিলেন না এফবিআই এজেন্টরা। বিচার বিভাগের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

২০১৬ সালের নির্বাচনে মাইকেল ফ্লিন প্রেসিডেন্ট ট্রাম্পের একজন ঘোর সমর্থক ছিলেন। ২০১৪ সালে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধানের পদ থেকে মাইকেল ফ্লিনকে সরিয়ে দেয় তত্কালীন ওবামা প্রশাসন। অব্যবস্থাপনা ও মেজাজ নিয়ে অসন্তোষের উল্লেখ করে ওই সিদ্ধান্ত নেওয়া হলেও ফ্লিন দাবি করেন, ইসলামি চরমপন্থিদের নিয়ে কঠিন সত্য প্রকাশ করায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে।