করোনার মধ্যে ‘ঘৃণা ও বিদ্বেষের সুনামি’ বন্ধ করুন :গুতেরেস

আপডেট : ০৮ মে ২০২০, ২৩:০০

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ‘করোনা মহামারির মধ্যে বিদ্বেষ, জেনোফোবিয়া এবং গুজবের সুনামি চলছে।’ এ ধরনের বিদ্বেষ ও বর্ণবাদী আচরণের বিস্তার ঠেকাতে ‘সর্বাত্মক চেষ্টা’ চালানোর আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার গুতেরেস বলেন, অনলাইন ও রাস্তাঘাটে ভিনদেশিদের বিরুদ্ধে আতঙ্ক তৈরি করতে দেখা যাচ্ছে। ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্র তত্ত্বগুলো ছড়িয়ে পড়েছে এবং কোভিড-১৯-কে কেন্দ্র করে মুসলমানদের ওপর হামলা হয়েছে। অভিবাসীদের বলির পাঁঠা বানানোর প্রবণতা দেখা যাচ্ছে। তাছাড়া সংবাদিক, তথ্য উন্মোচনকারী, স্বাস্থ্যকর্মী, ত্রাণকর্মী ও মানবাধিকার কর্মীরা নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছেন। বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া এসব বিদ্বেষমূলক বক্তব্যের অবসানে সবাইকে একত্রিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বর্ণবাদী, বিদ্বেষী ও ক্ষতিকর কনটেনটগুলো সরিয়ে ফেলতে গণমাধ্যম বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান তিনি।

এর আগে ১৪ এপ্রিল জাতিসংঘ মহাসচিব বলেছিলেন, করোনা মহামারির পাশাপাশি বিশ্ব গুজবের মহামারিতেও ভুগছে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এসব গুজবকে তিনি ‘বিষ’ এর সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলেন, এগুলো মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম, সংগঠক, সাংবাদিক ও অন্যান্য সবাইকে এসব রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সেইসঙ্গে গুজব রুখে মানুষকে সঠিক তথ্য দেওয়ারও কথা বলেন তিনি।