যৌন হয়রানির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এক নারী। ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে ২৭ বছর আগে ঘটা এই যৌন হয়রানির অভিযোগ এনেছেন তারা রায়েডি।
বিবিসির খবরে বলা হয়েছে, ১৯৯২-৯৩ সালে জো বাইডেন যখন ডেলাওয়ারের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখন তার সহকারী ছিলেন তারা রায়েডি। সে সময় একদিন কর্মস্থলে তাকে শারীরিকভাবে হেনস্থা করেন জো বাইডেন। তার ইচ্ছার বিরুদ্ধেই তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চান। ঐ সময় তারা রায়েডি প্রত্যাখ্যান করলে বাইডেন তাকে গালমন্দ করেন।
এক সাক্ষাত্কারে তারা রায়েডি বলেন, এরকম চরিত্রের কোনো ব্যক্তির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়ার যোগ্যতা থাকার কথা নয়। তার পরও যেহেতু জো বাইডেন লড়ছেন, তার প্রতি আমি আহ্বান জানাব তিনি যেন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তবে জো বাইডেন তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন।
