যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এখন থেকে প্রতিদিন করোনা ভাইরাসের পরীক্ষা করাবেন। তিনি হোয়াইট হাউজকে এই তথ্য জানিয়েছেন। এছাড়া হোয়াইট হাউজের অন্যান্য কর্মকর্তারাও প্রতিদিন একই পরীক্ষা করাবেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের একজন সাজভৃত্য বা পরিচারকের করোনা ভাইরাস ধরা পড়ে বলে জানা যায়। খবর ইউএসএ টুডের
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার বলেন, ‘ওর সঙ্গে আমার খুবই অল্প যোগাযোগ ছিল। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সেরও অল্প যোগাযোগ ছিল। তিনি জানান, মাইককেও পরীক্ষা করা হয়েছে, আমাকেও করা হয়েছে। দুটির ফল নেগেটিভ এসেছে’। প্রেসিডেন্ট ট্রাম্প কারো নাম উল্লেখ না করলেও সিএনএন জানিয়েছে, ঐ ব্যক্তি তার একজন পরিচারক। তিনি নৌবাহিনীর সাবেক সদস্য। তার নাম প্রকাশ করা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, একবার পরীক্ষা করলেই সবকিছু ধরা যায় না। ফলে এর আগে তিনি সপ্তাহে এক দিন করোনা পরীক্ষা করাতেন। এখন থেকে প্রতিদিনই পরীক্ষা করাবেন। হোয়াইট হাউজের মুখপাত্র হোগান গিডলি বলেছেন, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট দুজনেই ভালো আছেন।
