করোনা মহামারিতে দেশের বিভিন্ন স্থানে যখন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে বরখাস্ত কিংবা গ্রেফতার হচ্ছেন ঠিক সেই মুহূর্তে সাভার উপজেলার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি নিজ ইউনিয়নের দুস্থ অসহায় মানুষদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী ৪টি ইউনিয়নেও তার ব্যক্তিগত তহবিল থেকে ৫ টন করে মোট ২০ টন চাল বিতরণ করেছেন। পার্শ্ববর্তী শিমুলিয়া, পাথালিয়া, ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সম্পাদক তার এ চাল গ্রহণ করেছেন।
তার ব্যক্তিগত তহবিল থেকে বিতরণ করা মোট ত্রাণসামগ্রীর পরিমাণ চাল ১৭০ টন ৫০০ কেজি, আলু ৪৭ টন ৮২০ কেজি, পিয়াজ ২১ টন ২২১ কেজি, তেল ৬ টন ৬০০ কেজি এবং মসুর ডাল ১ হাজার ৪০০ কেজি। এসব খাদ্য সামগ্রী ইউনিয়নের প্রায় সাড়ে ১৭ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনে আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মধ্যে তিনি ত্রাণ বিতরণ করেছেন।
ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মানুষ মানুষের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ অসহায়দের পাশে থাকতে বলেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের পরামর্শে সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে ঘরে ঘরে ত্রাণ বিতরণ করছি। দুস্থ ও অসহায়দের মধ্যে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
