তিন দিনের ব্যবধানে করোনা পরীক্ষায় একই ব্যক্তির রিপোর্ট দুই রকম

আপডেট : ০৮ মে ২০২০, ২৩:০৭

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিত্সক এবং এক স্বাস্থ্য পরিদর্শকের পরীক্ষার রিপোর্টে প্রথমে করোনা পজিটিভ এলেও তিন দিনের ব্যবধানে দ্বিতীয় বারের পরীক্ষায় তাদের রেজাল্ট এসেছে নেগেটিভ। শুক্রবার সন্ধ্যায় ঐ তথ্য নিশ্চিত করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আতাউল-গনি-উসমানী জানান, এ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ দিনের রোস্টার ডিউটি শেষ করার পর এখানকার মেডিক্যাল অফিসার ডা. মাসুদুর রহমান ও স্বাস্থ্য পরিদর্শক মো. দেলোয়া হোসেনের করোনা পরীক্ষার নমুনা প্রথমে ৩ মে পাঠানো হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে। ৫ মে করা এ পরীক্ষার  রিপোর্টে তাদের শরীরে কোভিড-১৯ পজিটিভ আসে। পরে ৬ মে ময়মনসিংহের এসকে হাসপাতালে আইসোলেশনে পাঠানোসহ তাদের আবারও শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। এ নমুনায় একই ল্যাবের পরীক্ষায় গত ৭ মে রাতে ধরা পড়ে কোভিড-১৯ নেগেটিভ। তিন দিনের ব্যবধানে দুই রকম রেজাল্ট পেয়ে ৮ মে তৃতীয় বারের মতো তারা ঐ ল্যাবেই নমুনা পাঠিয়েছেন পরীক্ষার জন্য।