যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এখন থেকে প্রতিদিন করোনা ভাইরাসের পরীক্ষা করাবেন। তিনি হোয়াইট হাউজকে এই তথ্য জানিয়েছেন। এছাড়া হোয়াইট হাউজের অন্য কর্মকর্তারাও প্রতিদিন একই পরীক্ষা করাবেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের একজন পরিচারকের করোনা ভাইরাস ধরা পড়ে বলে জানা যায়। খবর ইউএসএ টুডের
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার বলেন, ‘ওর সঙ্গে আমার খুবই অল্প যোগাযোগ ছিল। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সেরও অল্প যোগাযোগ ছিল। তিনি জানান, মাইককেও পরীক্ষা করা হয়েছে, আমাকেও করা হয়েছে। দুটির ফল নেগেটিভ এসেছে’। প্রেসিডেন্ট ট্রাম্প কারো নাম উল্লেখ না করলেও সিএনএন জানিয়েছে, ঐ ব্যক্তি তার একজন পরিচারক। তিনি নৌবাহিনীর সাবেক সদস্য। তার নাম প্রকাশ করা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, একবার পরীক্ষা করলেই সবকিছু ধরা যায় না। ফলে এর আগে তিনি সপ্তাহে এক দিন করোনা পরীক্ষা করাতেন। এখন থেকে প্রতিদিনই পরীক্ষা করাবেন। হোয়াইট হাউজের মুখপাত্র হোগান গিডলি বলেছেন, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট দুজনেই ভালো আছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এক কর্মকর্তাও করোনায় আক্রান্ত
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর একজন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য পররাষ্ট্রমন্ত্রীর আইওয়া সফরে বিলম্ব ঘটে। হোয়াইট হাউজের এক জন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি। সাংবাদিকরা জানিয়েছেন, প্রায় এক ঘণ্টা এয়ারফোর্স টু বিমান ছাড়তে দেরি হয়। আক্রান্ত কর্মকর্তা বিমানে ছিলেন কি না, তা জানা যায়নি।
ভেনিজুয়েলায় ষড়যন্ত্রের পেছনে
কোনো দুর্বৃত্ত গ্রুপ থাকতে পারে
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ভেনিজুয়েলায় হামলা ও ষড়যন্ত্রের পেছনে কোনো দুর্বৃত্ত গ্রুপ থাকতে পারে। এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এর আগে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছিলেন যে, প্রেসিডেন্ট ট্রাম্পই তাকে ক্ষমতাচ্যুত করতে ভাড়াটে লোক পাঠিয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুতের ষড়যন্ত্রে সরকারের কেউ জড়িত নয়। তবে দেখবো কারা এর পেছনে আছে। তিনি বলেন, ‘আমি এই ধরনের অপারেশনের জন্য একটি ছোটো গ্রুপের ওপর নির্ভর করব না। আমি যদি কিছু করতাম তাহলে সেটা ভিন্নভাবে হতো। একটা দুর্বৃত্ত গ্রুপ থাকতে পারে, যে গ্রুপে ভেনিজুয়েলার নাগরিকসহ অন্যান্য দেশের নাগরিক আছেন।’ —আলজাজিরা
