বিদেশে বসে কিশোরীকে ব্ল্র্যাকমেইল করা এক প্রবাসী শনাক্ত

আপডেট : ০৯ মে ২০২০, ০১:০৩

ফেসবুকে ভুয়া আইডি খুলে মিরপুরের এক স্কুলছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এক ওমান প্রবাসী। এরপর ব্যক্তিগত ছবি নিয়ে ঐ মেয়েকে ব্ল্যাকমেইল করে কয়েক ধাপে টাকাও হাতিয়ে নেয়। স্কুলছাত্রীর অভিযোগ তদন্ত করে ওই প্রবাসীকে শনাক্ত করেছে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। খুব শিগগিরই তাকে দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহকারী কমিশনার ধ্রুব জ্যোতির্ময়।

তিনি জানান, সাইবার অপরাধে এক ওমান প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ওমানে বসে বিভিন্ন ফেক ফেসবুক আইডির মাধ্যমে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় তদন্ত করে ঐ ওমান প্রবাসীর পরিচয় শনাক্ত করে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ।

সহকারী কমিশনার ধ্রুব বলেন, সম্প্রতি এক ওমান প্রবাসী একটি ফেক আইডি ব্যবহার করে ঢাকা মিরপুরের একটি স্কুলপড়ুয়া শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক গড়ে কিছু ব্যক্তিগত ছবি হাতিয়ে নেন। এরপর ঐ আইডি থেকে ছাত্রীটিকে অনবরত ব্ল্যাকমেইল করে ধাপে ধাপে টাকা হাতিয়ে নেন অভিযুক্ত ওমান প্রবাসী।