কুমিল্লায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৬, মৃত ১

আপডেট : ০৯ মে ২০২০, ১৭:৫৯

কুমিল্লায় শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে এবং জেলার দেবিদ্বারে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীতে দুইজন, লালমাই উপজেলায় দুইজন, দেবিদ্বারে চারজন, মুরাদনগরে সাতজন ও চৌদ্দগ্রামে একজন রয়েছেন। এ নিয়ে কুমিল্লায় করোনায় আক্রান্ত হলেন মোট ১৫০ জন এবং জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে মোট সাতজনে। শনিবার দুপুরে কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত কুমিল্লার দেবিদ্বারে ৪২ জন, আদর্শ সদরে দুইজন, লালমাইয়ে দুইজন, তিতাসে ১১ জন, দাউদকান্দিতে  আটজন, বুড়িচংয়ে আটজন, চান্দিনায় ১১ জন, বরুড়ায় ১০ জন, ব্রাহ্মণপাড়ায় দুইজন, সদর দক্ষিণে তিনজন, চৌদ্দগ্রামে দুইজন, মনোহরগঞ্জে পাঁচজন, মুরাদনগরে ১৯ জন, মেঘনায় দুইজন, হোমনায় দুইজন, লাকসামে ১৩ জন ও কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় আটজনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। এরমধ্যে জেলার দেবিদ্বারে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ৪২ জন এবং মৃতের সংখ্যা ছয়জন। 

আরও পড়ুন: জুমের আগুনে পুড়ছে পাহাড়

তিনি জানান, জেলায় করোনায় আক্রান্ত ১৫০ জনের মধ্যে মারা গেছেন সাতজন এবং সুস্থ্য হয়েছেন ২৯ জন। এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে তিন হাজার একজনের এবং রিপোর্ট পাওয়া গেছে দুই হাজার ৭৮৯ জনের। তবে জেলার ১৭টি উপজেলার মধ্যে ১৬টি উপজেলায় করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে, একমাত্র নাঙ্গলকোট উপজেলায় এখনো কোনো ব্যক্তির করোনা শনাক্ত হয়নি।

ইত্তেফাক/এসি