বাগেরহাট- ১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি গতকাল রবিবার দুপুরে চিতলমারী সরকারি এস এম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনর সাংবাদিকদের জানান, বাগেরহাট- ১ সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে সকালেই ভোট কেন্দ্রে এসেছে। ভোট কেন্দ্রের প্রতিটি বুথের সামনে ভোটারদের লম্বা লাইন পড়েছে।
ভোটযুদ্ধে বিজয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে শেখ হেলাল ভোটারদের নির্ভয়ে বিকাল ৪টার মধ্যে তাদের স্ব-স্ব ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহবান জানান। এ সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানাসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তিনি তার সংসদীয় এলাকার তিনটি উপজেলার প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন।
এর আগে সকাল ৮টায় বাগেরহাট- ২ (সদর ও কচুয়া) সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ তন্ময় উপস্থিত সাংবাদিকদের জানান, বাগেরহাট- ২ সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। ভোটারা স্বতঃস্ফূর্তভাবে সকালেই ভোট কেন্দ্রে এসেছে। ভোট কেন্দ্রের প্রতিটি বুথের সামনে ভোটারদের লম্বা লাইন পড়েছে।
ভোটযুদ্ধে বিজয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে শেখ তন্ময় ভোটারদের নির্ভয়ে বিকাল ৪টার মধ্যে তাদের স্ব-স্ব ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। এ সময়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তিনি বাগেরহাট পৌরসভাসহ সদর ও কচুয়া উপজেলার প্রতিটি কেন্দ্র পরির্দশনে বের হন।
