গুগল-ফেসবুক অফিস খুললেও বাসায় থাকবেন অধিকাংশ কর্মী

আপডেট : ০৯ মে ২০২০, ২০:১০

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি এড়াতে আগেই অফিস বন্ধ ঘোষণা করেছিল গুগল ও ফেইসবুক। এবার তারা জানালো চলতি বছর বেশিরভাগ কর্মী বাসা থেকেই কাজ করবেন। আগামী ১ জুন অফিস খোলার পরিকল্পনা ছিলো গুগলের। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় শুধু অল্প কয়েকজন কর্মীর জন্য জুলাইয়ে অফিস খুলছে গুগল। তবে বাসায় বসেই কাজ করবেন অধিকাংশ কর্মী। আগামী ৭ মাস তাদেরকে অফিসে যেতে হবে না। ফেইসবুক জানিয়েছে তারা ৬ জুলাই অফিস খুলবে। যে সব কর্মী বাসা থেকেই সব ধরণের কাজ করতে পারছেন তাদের অফিসে না আসলেও চলবে। তবে কোন বিভাগের কর্মীদের অফিসে আসা প্রয়োজন সে সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি ফেইসবুক। ফেইসবুকের মুখপাত্র জানিয়েছেন, অফিসে আসার বিষয়টা আসলে কর্মী ও তার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।