আগামীকাল অনুশীলনে ফিরছে রিয়াল

আপডেট : ০৯ মে ২০২০, ২১:১১

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাস পরীক্ষায় রিয়াল মাদ্রিদ স্কোয়াডের সবাই নেগেটিভ প্রমাণিত হওয়ার পর অনুশীলনে ফেরার ঘোষণা দিয়েছে ক্লাবটি। আগামীকাল সোমবার নিজেদের অনুশীলন মাঠ ভালদেবেবাসে প্রায় দুই মাস পর প্রথমবারের মতো অনুশীলনে নামবেন সার্জিও রামোসরা।

ফুটবলকে মাঠে ফেরানোর ক্ষেত্রে লা লিগার প্রথম ধাপ ছিল খেলোয়াড়দের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পরীক্ষা। গত বুধবার যা অক্ষরে অক্ষরে পালন করে সব স্টাফদের পরীক্ষা করিয়েছে ক্লাবগুলো। রিয়ালের খেলোয়াড়, কোচিং স্টাফরাও এসেছিলেন ভালদেবেবাসে। বুধবারের সে পরীক্ষার ফলাফল এসেছে ৪৮ ঘণ্টা পর। যাতে সফলভাবে উতরে গেছেন সবাই।

এ ফলাফল আসার পর অনুশীলনে ফেরার ঘোষণা দিতে খুব বেশি দেরি করেনি রিয়াল কর্তৃপক্ষ। জানায়, ১১ মে (সোমবার) থেকেই অনুশীলনে ফিরবে দল।

তবে লা লিগার নির্দেশ মেনে এ পর্যায়ে খেলোয়াড়রা অনুশীলন করবেন ব্যক্তিগতভাবে। যেখানে খেলোয়াড়রা অনুশীলনের জন্য বাড়ি থেকেই তৈরি হয়ে আসবেন। সরাসরি মাঠে আসবেন, অনুশীলন করবেন এরপর সোজা নিজ গাড়িতে করে বাড়ির পথ ধরবেন। করোনাপূর্ব সময়ের মতো একসঙ্গে খাওয়া কিংবা স্নানাগারে যাওয়ার মতো ব্যাপারে থাকবে কড়া নিষেধাজ্ঞা।

সোমবারের অনুশীলনে মোটামুটি সবাইকেই পাচ্ছে রিয়াল। তবে চোটের কারণে ছিটকে গেছেন দলটির ফরোয়ার্ড লুকা জোভিচ। 

এর আগে গত ১২ মার্চ ক্লাবটির বাস্কেটবল দলের একজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ার পরপরই পুরো ক্লাব স্বেচ্ছানির্বাসনে চলে যান সার্জিও রামোসরা। তবে গৃহবন্দিত্বের মধ্যেও অনুশীলন ঠিকই চালিয়ে গেছেন তারা।