মাশরাফির জন্য তরুণ ও যুবক ভোটারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২২:৪৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং তার স্ত্রী সুমনা হক সুমি। নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তারা ভোট দেন। রবিবার দুপুর একটার দিকে মাশরাফি এবং তার স্ত্রী একই কেন্দ্রে ভোট প্রদান করেন।

ভোট প্রদানের পর মাশরাফি বিন মর্তুজা তার প্রতিক্রিয়ায় বলেন, এ পর্যন্ত প্রায় ৩০টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। সব জায়গায় সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা ভোট কারচুপির কোনো খবর পাওয়া যায়নি। এদিকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, মাশরাফির জন্য তরুণ ও যুবক ভোটারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছিল। প্রত্যেক কেন্দ্রেই ব্যাপকভাবে তরুণদের ভিড় লক্ষ্য করা গেছে। 

নড়াইল-২ (নড়াইল পৌরসভা ও সদরের ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলা)  আসনে আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন বিএনপি প্রার্থী ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) একাংশের কেন্দ্রীয় সভাপতি এ জেড এম ড. ফরিদুজ্জামান (ধানের শীষ)। এখানে সাতজন নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হলেও জাতীয় পাটির্ (এরশাদ) এবং এনপিপি (ছালু) প্রার্থী নৌকা প্রতীককে সমর্থন দিয়ে সরে গেছেন।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে সেনাবাহিনীর পাঁচ শতাধিক সদস্য তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়া বিজিবি ৪ প্লাটুন, র্যাব ৮৭৮ জন, পুলিশ দুই হাজার ৯০৪ জনসহ আনসার ও ভিডিপি সদস্যরা নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছে।