কিছুদিন আগে বাড়ির পাশে হাঁটতে গিয়ে দেখলাম নতুন বৃষ্টির পানিতে সবুজ ঘাসে ভরে গেছে খেতের আইল। খুব ভালো লাগল; কারণ পুরো খেত চাষ দেওয়া আর আইলের ঘাসগুলো সবুজ। তার দুদিন পর আবার হাঁটতে বেরিয়ে দেখি ঘাসগুলো পুরো হলুদ হয়ে মরে আছে। ঘাসে বিষ দিলে এমন হয়! ঘাস নিধনের বিষ আছে; কিন্তু এভাবে বিষ প্রয়োগ কতটুকু স্বাস্থ্যসম্মত বা পরিবেশবান্ধব? ঐ বিষে কত প্রজাতির কীটপতঙ্গ মারা যাচ্ছে, বৃষ্টির পানিতে পাশের খেতে ফসলে গিয়ে পড়লে মানব স্বাস্থ্য বা জলজ পরিবেশের ওপর প্রভাব কী হবে? ঘাসে দেওয়া বিষ খুব বেশি টক্সিক টাইপের হয়। এ ধরনের বিষে আক্রান্তদের বেশিরভাগ ক্ষেত্রেই বাঁচানো যায় না। তাহলে নিশ্চিত করেই বলা যায়, এই বিষ পরিবেশের জন্য হুমকিস্বরূপ। জানা গেছে, এই বিষ প্রয়োগের সময় কখনো কখনো মাথা-ঝিমুনি লাগে—তার মানে শরীরেও তার প্রতিক্রিয়া হয়। প্রভাব বিবেচনায় ঘাসে দেওয়া বিষ উত্পাদন ও বিপণন বন্ধ করা উচিত বলে মনে করি। এ ব্যাপারে কৃষি মন্ত্রণালয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
সাঈদ চৌধুরী
শ্রীপুর, গাজীপুর
