দ্বীপ জেলা ভোলায় রবিবার সকালে উত্সব মুখর পরিবেশে জেলোর ৪টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কনকনে শীতের মধ্যে ভোট গ্রহণ শুরুর আগেই ভোলার বিভিন্ন কেন্দ্রে লাইনে দাড়িয়ে ভোটাররা ৮টা বাজার অপেক্ষা করতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের পাশাপাশি পুরুষ ভোটারের সংখ্যা বাড়তে থাকে। দিনভর ভোটারদের উপস্থিতি ছিল উত্সবমুখর। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। সকাল ৮টায় ভোলা জেলা শহরের মাসুমা খানম স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায় সংখ্যালঘু নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
এদিকে সকাল ৮টায় ভোলা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শহরের বাংলাস্কুল কেন্দ্রে নিজের ভোট দেন। এ সময় তিনি বলেন, ভোলাসহ সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখানে কোন সমস্যা নেই। এখানে বিএনপির এজেন্টও রয়েছে। ইতোমধ্যেই ভবিষ্যতবাণী করা হচ্ছে দুই তৃতীয়াংশের বেশি আসনে আওয়ামী লীগ বিজয়ী হবে। তিনি আরও বলেন, ১৯৭০ সালের মত এবার নৌকার পক্ষে গণজোয়ার। বাংলার মানুষ ভোট দিয়ে তৃতীয় মেয়াদে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে। এদিকে ভোলা-১ সদর আসনের বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর সকাল ৯টার দিকে বাংলাস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মী ও এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে। এজন্য অনেক কেন্দ্রে এজেন্টরা যেতে পারেনি এবং অনেক কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এদিকে ভোলার রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ ও সহাবস্থানে ভোলার ৪টি কেন্দ্রেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ছাড়া প্রার্থীদের পক্ষ থেকে কারও কোন অভিযোগ পাওয়া যায়নি।
