পঞ্চগড়-১ আসনের পঞ্চগড় পৌরসভা, পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলার ১৩টি ভোট কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ও বাতিল করে পুনরায় ভোটগ্রহণের দাবি করা হয়েছে। এই আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির রবিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে এ দাবি জানিয়েছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, পঞ্চগড় পৌর উচ্চ বিদ্যালয়, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জগদল দাখিল মাদ্রাসা, নূর আলা নূর কামিল মাদ্রাসা, বিপি সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বারিকামারী-৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, পঞ্চগড় উচ্চ বিদ্যালয় (পূর্ব), নতুনবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুল উলুম মাদ্রাসা, দানাপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্রে কোনো ভোটারকে গোপনে ভোট দিতে দেয়া হয়নি। সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের সামনে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করা হয়েছে। যদি কেউ ধানের শীষে ভোট দেয় তাহলে পুনরায় নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট পেপারকে বাতিল করা হয়েছে অথবা ধানের শীষের ব্যালট পেপার ছিড়ে নষ্ট করা হয়েছে। ধানের শীষের এজেন্টরা নির্ধারিত সময়ে ভোটকেন্দ্রে পৌঁছানোর পরও তাদেরকে ভোটকেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি।
বিএনপি প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেন, বিভিন্ন কেন্দ্রে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মারপিট ও ভয়ভীতি প্রদান, বিএনপির এজেন্টদের বের করে দেয়া, বিএনপির নিবাঁচনী বুথের ঘর ভাঙচুর, ব্যালট পেপার ছিনতাই করার ঘটনা ঘটিয়েছে। এজন্য ওইসব কেন্দ্রের ভোট স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। একই সাথে তিনি প্রশাসনের অসহযোগিতারও অভিযোগ তুলেছেন। এদিকে এই আসনের আওয়ামী লীগ প্রার্থী মজাহারুল হক প্রধান বলেন, শান্তিপূর্ণভাবেই উত্সবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষ সকাল থেকেই লাইন ধরে ভোট দিয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ প্রাপ্তির পর তাত্ক্ষণিক পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমেদ ও পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সিও মো. মহিউস সুন্নাহকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমেদ বলেন, অভিযোগ পেয়ে তাত্ক্ষণিক ফোর্স পাঠানো হয়েছে।
অপরদিকে পঞ্চগড়-২ আসনের বোদা ও দেবীগঞ্জ উপজেলার পৌরসভা এলাকা ও বেশ কিছু ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের এজেন্টদের মারপিট ও বিএনপি নেতাকর্মী-সমর্থকদেরও মারপিট করে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ।
