বিবিসি
উত্তর কোরিয়ায় করোনা ভাইরাস সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটিকে সহায়তার প্রস্তাব দিয়েছেন। উত্তর কোরীয় নেতা কিম জং উনের পাঠানো এক অভিনন্দন বার্তার জবাবে এই সহায়তার প্রস্তাব দেন তিনি।
চীনের সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চীনের সফলতার জন্য প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেন কিম। এই চিঠির জবাবে কিম জং উনের সমর্থনের উচ্চপ্রশংসা করে উত্তর কোরিয়ায় করোনা মহামারি এবং দেশটির জনগণের স্বাস্থ্য-পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শি জিনিপিং। একই সঙ্গে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধের জন্য আরো কঠোর পদক্ষেপ নিতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শি উত্তর কোরিয়াকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।
উত্তর কোরিয়ার সরকার দেশটিতে এখনো এক জন করোনা রোগী পাওয়া যায়নি বলে দাবি করে আসছে। যদিও বিশেষজ্ঞরা দেশটির এই দাবি নিয়ে সন্দেহ পোষণ করে বলেছেন, সেখানে করোনার প্রকোপ শুরু হয়ে থাকতে পারে। ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার কারণে দেশটিতে করোনার সংক্রমণ শুরু হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর উত্তর কোরিয়া প্রথম দেশ হিসেবে জানুয়ারির তৃতীয় সপ্তাহেই সীমান্ত বন্ধ করে দেয়। এছাড়া দেশটিতে পর্যটক প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
