আফগানিস্তানে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৭

আপডেট : ০৯ মে ২০২০, ২১:৩৪

রয়টার্স

আফগানিস্তানে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ত্রাণের খাদ্যসামগ্রী বিতরণকালে বিক্ষোভ ও সংঘর্ষে সাত জন নিহত হয়েছে বলে দেশটির এক জন পার্লামেন্ট সদস্য জানিয়েছেন।  শনিবার পশ্চিমাঞ্চলীয় ঘর প্রদেশের কেন্দ্রস্থলে এ ঘটনা ঘটেছে।

ত্রাণ বিতরণে পক্ষপাতের অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে স্থানীয় জনতা। এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ঘরের প্রতিনিধিত্বকারী পার্লামেন্ট সদস্য গুলজামান নায়েব জানান, ত্রাণ বিতরণে রাজনৈতিক যোগাযোগ থাকা লোকজনের প্রতি পক্ষপাত দেখানো হচ্ছে এমন অভিযোগে অসন্তোষ বাড়ছিল, সেই ক্ষোভ থেকেই বিক্ষোভ ও সংঘর্ষ শুরু হয়। এতে আরো ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন এ আইনপ্রণেতা। ঘরের গভর্নরের মুখপাত্র মোহাম্মদ আরিফ আবের জানান, প্রায় ৩০০ বিক্ষোভকারীর মধ্যে কিছু অংশ পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে এবং একপর্যায়ে গুলি করা শুরু করে, তারা গভর্নর হাউজে প্রবেশের চেষ্টা করলে পুলিশ গুলি করে। এতে দুই জন নিহত ও পাঁচ জন আহত হয়েছে বলে দাবি করেছেন তিনি। ত্রাণ বিতরণে অনিয়ম হওয়ার কথা অস্বীকার করেছেন আরিফ আবের।