আন্দোলনরত পরিবহন শ্রমিকরা
বিশেষ প্রতিনিধি
পরিবহন চালুর দাবিতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তারা পরিবহন চালুর দাবি জানান। আন্দোলনরত শ্রমিকরা বলেছেন, আমরা করোনাতে মরব না। মরব ভাতের অভাবে। কারণ ঘরে চাল নেই। গাড়ি বন্ধ, পরিবার নিয়ে এভাবে কয়দিন থাকা যায়?’
শ্রমিকরা আরো জানান, গত দেড় মাস কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। পরিবহন চালাতে না পারায় কোনো বেতন-ভাতা পাচ্ছি না। মালিকরাও আমাদের পাশে নেই। সরকারের ত্রাণসামগ্রীও পরিবহন শ্রমিকরা পাচ্ছে না। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছি। সরকার যখন সব কিছুতে স্বাস্থ্যবিধির শর্ত দিয়ে খুলে দিচ্ছে তাহলে পরিবহনও খুলে দিতে পারে।আন্দোলনরত শ্রমিকদের দাবি, করোনা পরিস্থিতিতে অনেক কিছু শিথিল করে দেওয়া হয়েছে। অফিস আদালত, দোকানপাট, পোশাক কারখানাসহ অনেক কিছু খুলে দেওয়া হয়েছে। কিন্তু পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হলেও তাদের কোনো সহায়তা দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, পরিবহন মালিকরা শ্রমিকদের কোনো খোঁজখবর নিচ্ছেন না। এর প্রতিবাদে তারা সড়কে অবস্থান নিয়েছিলেন। আধা ঘণ্টার মতো থাকার পর তারা চলে যায়।
