খুলছে আড়ংয়ের নির্ধারিত কিছু আউটলেট কেনাকাটার তারিখ ও সময় বুকিং দিতে হবে অনলাইনে

আপডেট : ০৯ মে ২০২০, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

নতুন করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর দোকান-বাজার খোলার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আড়ংয়ের নির্ধারিত কিছু আউটলেট আজ রবিবার থেকে পুনরায় চালু হচ্ছে। সম্ভাব্য সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ ছাড়াও আড়ংয়ের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা মেনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব আউটলেট খোলা থাকবে।

ক্রেতার স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে কেনাকাটার স্বার্থে দেশে প্রথমবারের মতো বিপণিকেন্দ্রেও আসার আগে অনলাইনে টাইমস্লট বুকিং চালু করছে আড়ং। aarong.com ওয়েবসাইটে গিয়ে নিকটতম আউটলেটে কেনাকাটা করার জন্য তারিখ ও সময় বুকিং দিতে পারবেন যে কোনো ক্রেতা। এরপর নির্ধারিত সময়ে এসে সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে সহজেই কেনাকাটা সেরে নিতে পারবেন তারা।  গতকাল শনিবার অনলাইনে এক সংবাদ সম্মেলনে ব্র্যাক এন্টারপ্রাইজেসের ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ বলেন, আড়ংয়ের লক্ষ্য হলো দারিদ্র্য বিমোচন ও নারীর কর্মসংস্থান। আমাদের সঙ্গে জড়িত ৬৫ হাজারের বেশি হস্ত ও কারুশিল্পী এবং নারী উদ্যোক্তাদের জীবিকা। তাদের কথা মাথায় রেখেই আড়ং আউটলেট খোলার সিদ্ধান্ত নিয়েছে।