মুগদা হাসপাতালের ‘অব্যবস্থাপনার’ ভিডিও ফেসবুকে, থানায় জিডি

আপডেট : ০৯ মে ২০২০, ২১:৫৮

বিশেষ প্রতিনিধি

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন তুলে একের পর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আলোচনায় এক ব্যক্তি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অজ্ঞাত এই ব্যক্তি প্রোপাগান্ডা ছড়াতেই করেছে এমন ভিডিও। এ তথ্য উল্লেখ করে মুগদা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে প্রতিষ্ঠানটি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, মুগদা হাসপাতালের সামনে দাঁড়িয়ে কথা বলছেন কয়েকজন। এদের মধ্যে এক ব্যক্তি হাসপাতালটির সেবার মান নিয়ে তুলছেন নানা প্রশ্ন।

ভিডিওটির ৫০ সেকেন্ডে সংযুক্ত আরেকটি ক্লিপসে দেখা যায় হাসপাতালের বিছানায় পড়ে আছেন এক রোগী। পিপিই পরিহিত একজন এগিয়ে এসেছেন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য। তবে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওটিতে এক ব্যক্তির দাবি, অক্সিজেনের অভাবে মারা গেছেন ওই রোগী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে গত ৬ মে রাজধানীর মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি করেন হাসপাতালটির পরিচালক। জিডিতে ওই ব্যক্তিকে অজ্ঞাত উল্লেখ করা বলা হয়েছে, চিকিত্সা সেবা  প্রশ্নবিদ্ধ  করতে এই অপতত্পরতা। তবে জিডির চারদিন পার হলেও এখনো ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। মুগদা থানার পরিদর্শক (অপারেশন)  মাসুদুর রহমান জানান, আমরা তাকে চিনতে পারছি না, তবে বিষয়টা খতিয়ে দেখছি।