মোবারক মাহে রমজান

আপডেট : ০৯ মে ২০২০, ২৩:১২

আজ ১৬ রমজান। রমজান মাসে সিয়াম পালন করার মাধ্যমে রীতিমতো নফসের সঙ্গে জিহাদ করা হয়। জিহাদ শব্দের শব্দমূল জহদ। এর অর্থ চেষ্টার পর চেষ্টা, পরিশ্রম, অধ্যবসায়, সংগ্রাম, যুদ্ধ। আল্লাহ জাল্লাহ শানুহু ইরশাদ করেন : যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব। আল্লাহ অবশ্যই সত্কর্মপরায়ণদের সঙ্গে থাকেন। (সুরা আনকাবুত : আয়াত ৬৯)।

প্রিয় নবি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলায়হি ওয়া সাল্লাম ৬১০ খ্রিষ্টাব্দের রমজান মাসে প্রথম ওহি প্রাপ্ত হন। তার কিছুদিনের মধ্যে ইসলাম প্রচার করার নির্দেশ লাভ করেন। তিনি ইসলাম প্রচার করতে মক্কার কাফির-মুশরিকরা তার ওপর নানা ধরনের জুলুম-নির্যাতন চালায়। এই সময়ে তার কাছে যেসব ওহি নাজিল হয় তাতে জিহাদ শব্দের উল্লেখ থাকলেও তা ছিল ধৈর্য ধারণ করা এবং হিকমতের সঙ্গে সুন্দর সুন্দর উপদেশ দ্বারা প্রচার করার অর্থে ব্যবহূত হয়েছে। একবার এক অভিযান থেকে ফেরার পথে প্রিয় নবি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম বলেন। আমরা ছোটো জিহাদ থেকে বড়ো জিহাদের দিকে প্রত্যাবর্তন করছি। এখানে ছোটো জিহাদ হচ্ছে অস্ত্র দ্বারা যুদ্ধ আর বড়ো জিহাদ হচ্ছে নফসের সঙ্গে যুদ্ধ। কবি আবুল   আতাহিয়া তার এক কবিতায় বলেন, আশাদদুল জিহাদ জিহাদুল হাওয়া সর্বাপেক্ষা কঠিন যুদ্ধ প্রবৃত্তির সঙ্গে যুদ্ধ।

প্রিয় নবি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা থেকে ২৯৬ মাইল উত্তরে অবস্থিত প্রাচীন নগরী ইয়াসবিরে হিজরত করে এলেন। ইয়াসরিবের নামকরণ হলো মদিনাতুল নবি, এখানে একটি নগর রাষ্ট্র স্থাপিত হলো। কিন্তু এটা সহ্য করতে পারল না মক্কার কাফির-মুশরিকরা। মদিনার ইয়াহুদি ও কিছু মুনাফিকের সঙ্গে তারা আঁতাত করল। মদিনা আক্রমণ করার লক্ষ্যে তাদের নেতা আবু সুফিয়ানকে অস্ত্র কেনার জন্য সিরিয়া পাঠাল। এ খবর প্রিয় নবি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের কাছে পৌঁছল। কিন্তু তখনও কিতালের নির্দেশ আসেনি। ইতিমধ্যে ওহি এলো যুদ্ধের (কিতালের) তাদের যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি অত্যাচার চালানো হয়েছে। (সুরা হজ্জ : আয়াত ২২)।

লেখক : পীর সাহেব, দ্বারিয়াপুর শরীফ