বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে একটি ঘরে ঢুকে পড়ে। এতে ঐ ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ে নিহত হয়েছে। শনিবার ভোর সাড়ে ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুরের সড়কপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ওমরপুর সড়কপাড়ার মৃত আলতাফ হোসেনের স্ত্রী অতেজান বিবি (৬৫) ও তার মেয়ে কাতলী খাতুন (৪০)।
স্থানীয়রা জানান, বালু বোঝাই (ঢাকা-মেট্রো-১৮-৬৬৩৫) ট্রাকটির চালক দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্রাকটি ওমরপুর সড়কপাড়ার দিনমজুর হেলালের ঘরে ঢুকে পড়ে। এসময় ঘুমন্ত অবস্থায় ট্রাকের চাপায় হেলালের নানী ও মা মারা যান।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া থেকে বালু বোঝাই ট্রাকটি নাটোরে যাচ্ছিল। মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
