জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে সিএমএইচে স্থানান্তর

আপডেট : ১০ মে ২০২০, ০০:৪৩

বার্ধক্যজনিত কারণে বেশ কিছু দিন থেকেই হাসপাতালে ভর্তি আছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। তবে আরো উন্নত চিকিত্সার জন্য এবার তাকে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে তাকে সিএমএইচ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে (সিসিইউ) ভর্তি করা হয়।

অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান জানান, বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ। এখন আরো একটু উন্নত চিকিত্সার জন্য চিকিত্সকদের সঙ্গে পরামর্শ করে তাকে সিএমএইচে নিয়ে আসা হয়েছে। এখানে আসার পর বাবার শারীরিক অবস্থা আগের তুলনায় একটু ভালো আছে। তার অবস্থা এখন স্থিতিশীল।

এর আগে বার্ধক্যজনিত সমস্যার কারণে গত ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন অধ্যাপক আনিসুজ্জামান। সেখানে চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিত্সা নিচ্ছিলেন তিনি। পরে প্রত্যাশিত উন্নতির লক্ষণ দেখতে না পাওয়ায় চিকিত্সকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতাল বদলের সিদ্ধান্ত নেওয়া হয়।