বগুড়ায় ঢাকা ফেরত আরও দুই নারী পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শনিবার রাত ১০টার দিকে এ তথ্য জানান।
তিনি জানান, ওই দুই কনস্টেবলের বয়স ২০ ও ২২ বছর। তারা দু’জনই ঢাকায় মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন। গত ২৭ এপ্রিল তারা বদলি হয়ে বগুড়া পুলিশ লাইন্সে যোগদান করেন। দুজনের মধ্যে করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত ৬ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়।
শনিবার ওই দুজনসহ বগুড়ায় এ পর্যন্ত মোট ৩৭ জন করোনায় আক্রান্ত হলেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ জন। আক্রান্তদের মধ্যে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৭ জন চিকিৎসাধীন। বাকিরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে বগুড়ার নমুনা ছিল ৫৪টি। জয়পুরহাটের ১১৭ এবং বাকি ১৭টি ছিল সিরাজগঞ্জের।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, ডিএমপি থেকে আসা ওই দুই কনস্টেবল শুরু থেকেই পুলিশ লাইন্সে রয়েছেন। তারা কখনো শহরে বের হননি। তিনি বলেন, নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এলেও তাদের মধ্যে কোনও উপসর্গ নেই। এ কারণে পুলিশ লাইন্সে আইসোলেশনে রেখেই তাদের চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইত্তেফাক/এমআরএম

