ভোলা-৩ আসন

ভোট নিয়ে সন্তোষ শাওনের অভিযোগ হাফিজের

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২২:৫২

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এ আসনের আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। রবিবার দুপুরে তজুমদ্দিন উপজেলার ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আসনটিতে নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন। অপরদিকে ভোট নিয়ে অভিযোগ রয়েছে এই আসনের বিএনপি প্রার্থী মেজর(অব.) হাফিজউদ্দিন আহমেদের।

নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, ভোলা-৩ আসনের ইতিহাসে এরকম ভোটারের উপস্থিতি দেখিনি। দীর্ঘদিন পর লালমোহন-তজুমদ্দিনের মানুষ মুক্ত পরিবেশে তারা তাদের পছন্দের প্রার্থীকে নিশ্চিন্তে ভোট দিতে পেরেছেন। রেকর্ড সংখ্যক ভোটার এবার ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত হয়েছেন। বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। কারণ গত দশ বছরে আমি এ আসনের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। তাই তারা আমাকে বিপুল ভোটে বিজয় নির্বাচিত করবেন বলে আমি শতভাগ নিশ্চিত। তবে এই আসনের বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, তাকে ভোটের দিনেও বাসা থেকে বের হতে দেয়নি। তিনি তার ভোটাধিকারও প্রয়োগ করতে পারেননি। তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে প্রতিপক্ষ।

এদিকে মেজর হাফিজের অভিযোগ অস্বীকার করে নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, তাকে কেউ বাধা দেয়নি। তিনি নিজেই নিশ্চিত পরাজয় জেনে ঘরের মধ্যে থেকে মিথ্যা অভিযোগ করছেন। কারণ এবার লালমোহন-তজুমদ্দিনের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। তাই তার জামানত বাজেয়াপ্ত হতে পারে।