করোনায় দুর্বল জনস্বাস্থ্য ব্যবস্থার কথা স্বীকার করলো চীন

আপডেট : ১০ মে ২০২০, ১৬:৪১

করোনা ভাইরাসের মহামারীতে জনস্বাস্থ্য ব্যবস্থায় দেশটির দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে অনেকটা অবিশ্বাস্য এই মন্তব্য করেছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের পরিচালক লি বিন। করোনা ভাইরাসের বিরুদ্ধে চীনের প্রাথমিক পদক্ষেপ নিয়ে নানা সমালোচনার পর এবার এমন মন্তব্য করলেন তিনি।

চীনের গণমাধ্যমগুলোকে তিনি বলেন, করোনা ভাইরাস মহামারী মধ্য দিয়ে একটি বড় পরীক্ষা হয়েছে চীনের। যার ফলে চীনের জনস্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পেয়েছে। তবে চীন এখন এর রোগ প্রতিরোধ ব্যবস্থা, জনস্বাস্থ্য ব্যবস্থা এবং তথ্য সংগ্রহ ব্যবস্থার উন্নয়ন করবে। 

মি. লি সাংবাদিকদের বলেন, চীনের শাসন ব্যবস্থায় করোনা মহামারী ছিল একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ। আর এমন ধরণের বড় মহামারী সামাল দেওয়ার ক্ষেত্রে জনস্বাস্থ্য ব্যবস্থার মধ্যকার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে দেশটি।

বিবিসি বলছে, চীনের বিরুদ্ধে অভিযোগ ভাইরাসটির প্রাদুর্ভাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি করারর পরও আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক করতেও ব্যর্থ হয়েছে। ভাইরাসের উৎপত্তি নিয়ে স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বানও নাকচ করে দিয়েছে চীন। আর গত এপ্রিলে ইউরোপের এক প্রতিবেদনে, ভাইরাস সংকট নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়।

করোনা সংক্রমণের প্রাথমিক অবস্থায় ভাইরাসটি সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করতে চাওয়া লি ওয়েনলিয়াং নামে এক চিকিৎসককে থামিয়ে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে মিথ্যা তথ্য বানানোর অভিযোগ এনে তাকে উল্টো সতর্ক করা হয়। পরে ওই চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়ে উহানের একটি হাসপাতালে মারা যান।

আরও পড়ুন: রাশিয়ায় ২ লাখ ছাড়ালো করোনা আক্রান্ত, একদিনে ১১ হাজারের বেশি

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, চীনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৪,৬৩৭ জন মারা গেছে। আর আক্রান্ত হয়েছে ৮৪ হাজারের বেশি মানুষ। পুরো বিশ্বে এখনো পর্যন্ত মারা গেছে ২ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ। আর প্রায় ৪০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

ইত্তেফাক/আরআই