মেহেরপুরে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ বিএনপির

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২২:৫৪

মেহেরপুর-১ আসনে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ দিকে, এই আসনের বিএনপি প্রার্থী অভিযোগ করেছেন, এই আসনের অধিকাংশ কেন্দ্রেই ভোটে অনিয়ম হয়েছে। বিএনপির কর্মী-সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে দেয়া হয়নি। অন্য দিকে, আওয়ামী লীগ প্রার্থীরা দাবি করছেন- সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সবাই ভোট দিতে পেরেছেন। বিএনপি প্রার্থী মাসুদ অরুন লিখিত অভিযোগে জানান, মেহেরপুর-১ আসনের অধিকাংশ কেন্দ্রে ভোটের অনিয়ম হয়েছে। তার এজেন্টদের থাকতে দেয়া হয়নি, ভোটারদের ব্যালট পেপার দেয়া হয়নি, ভোটগ্রহণের আগেই বেশ কিছু ব্যালট পেপারে সিল মারা হয়েছে। এ দিকে, আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন বলেন, আমি কোনো সহিংসতায় বিশ্বাসী না। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। নেতাকর্মীদের বলেছি, ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রগুলো পাহারা দিতে, যাতে কোনো নৈরাজ্যর সৃষ্টি না হয়।